ব্রুকের ৪২ বলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লঙ্কা বধ

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে উচ্ছ্বসিত হ্যারি ব্রুক। ছবি: সংগৃহীত
হ্যারি ব্রুক ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ইংল্যান্ডকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন তারকা এই ব্যাটার। অধিনায়ক হ্যারি ব্রুকের ঝড়ো ইনিংস এবং জস বাটলারের সঙ্গে তার বিধ্বংসী জুটির সুবাদে শ্রীলঙ্কাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
সাউদাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত লঙ্কানদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন ইংলিশ ব্যাটাররা। অধিনায়ক হ্যারি ব্রুক এদিন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নেন। ৪২ বলে সাজানো তার অপরাজিত ১১৪ রানের বিধ্বংসী ইনিংসটি ছিল ১৯টি চার ও ১২টি ছক্কায় গড়া। ব্রুকের ইনিংসটি ফিল সল্টের ৩৯ বলে সেঞ্চুরির পরেই ইংল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
ব্রুক ও সাবেক অধিনায়ক জস বাটলার মিলে মাত্র ৬০ বলে ১২৮ রানের গড়েন বিস্ফোরক জুটি। পঞ্চম ওভারে লঙ্কান স্পিনার দুনিথ ওয়েলালাগের ওপর চড়াও হয়ে এক ওভারেই ৩০ রান তুলে নেন ব্রুক। উইকেটে তার চারপাশ দিয়ে শট খেলার মুন্সিয়ানা লঙ্কান বোলারদের দিশেহারা করে তোলে। শুধু চার-ছক্কাই নয়, ব্রুকের বুদ্ধিমত্তা ও ফিটনেসও ছিল দেখার মতো। ব্যক্তিগত রানের একটি বড় অংশ তিনি সিঙ্গেল-ডাবলসে নিয়েছেন।
চলতি বছরে এটি ব্রুকের তৃতীয় সীমিত ওভারের সেঞ্চুরি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার। ব্রুকের এই মাস্টারক্লাস ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের পাহাড় সমান সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের করা ব্যক্তিগত স্কোরের চেয়ে মাত্র ২১ রান বেশি করতে পারে লঙ্কানরা। তারা গুটিয়ে যায় মাত্র ১৩৫ রানে।




