রমজানে আদায়ের জন্য জাকাত আটকে রাখা সঠিক পদ্ধতি নয়

প্রতীকী ছবি
আমাদের দেশে প্রথাগতভাবে জাকাতের সঙ্গে রমজান মাসের একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে। রমজানে বিপুলসংখ্যক মানুষ জাকাত আদায় করেন, অসহায়দের মধ্যে অর্থ বিতরণ করেন। এতে অনেকের ধারণা তৈরি হয়েছে, জাকাত শুধু রমজানেই আদায় করতে হয়। অথচ শরিয়তের দৃষ্টিতে জাকাতের সময় নির্ধারণ করে রমজান নয়, বরং জাকাত ফরজ হওয়ার শর্ত পূরণ এবং নির্ধারিত সময় অতিক্রম করা। তাই কারও ওপর মহররম মাসে জাকাত ফরজ হলে শুধু রমজানে আদায়ের জন্য তা আটকে রাখা সঠিক পদ্ধতি নয়।
জাকাত ফরজ হওয়ার প্রধান শর্ত হলো, একজন মুসলমানের কাছে জাকাতযোগ্য সম্পদ শরিয়ত নির্ধারিত নিসাব পরিমাণে থাকা এবং অধিকাংশ জাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে সেই নিসাবের ওপর এক পূর্ণ চন্দ্রবছর বা হাওল অতিবাহিত হওয়া।
হাওল গণনার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কারও জাকাতযোগ্য সম্পদ প্রথমবার নিসাব পরিমাণে পৌঁছালে সাধারণভাবে সেই সময় থেকেই তার জাকাতের বছর গণনা শুরু হয়। এক পূর্ণ চন্দ্রবছর শেষে যদি তার জাকাতযোগ্য সম্পদ নিসাবের সমপরিমাণ বা তার বেশি থাকে, তাহলে জাকাত ফরজ হবে এবং তখনই তা আদায়ের দায়িত্ব বর্তাবে। উদাহরণস্বরূপ, কারও সম্পদ যদি মহররম মাসে প্রথমবার নিসাব পরিমাণে পৌঁছে, পরবর্তী মহররমে তার জাকাতের বছর পূর্ণ হবে। তখন জাকাত ফরজ হলে রমজান পর্যন্ত অপেক্ষা না করে তা আদায় করা উচিত।
এখানে ফরজ জাকাত ও অগ্রিম জাকাতের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওল পূর্ণ হয়ে জাকাত ফরজ হওয়ার পর যে জাকাত দেওয়া হয়, সেটিই ফরজ জাকাতের আদায়। আর জাকাত ফরজ হওয়ার সময় আসার আগেই আগাম জাকাত দিয়ে দেওয়া হলো অগ্রিম জাকাত। হজরত আলী (রা.)-এর বর্ণনায় রয়েছে, রাসুলুল্লাহ (সা.) হজরত আব্বাস (রা.)-কে জাকাত আগাম দেওয়ার অনুমতি দিয়েছিলেন। (আবু দাউদ, হাদিস : ১৬২৪; তিরমিজি, হাদিস : ৬৭৮)
অতএব, কেউ যদি মনে করেন রমজানে জাকাত দেবেন, অথচ তার জাকাতের বছর এখনো পূর্ণ হয়নি, তিনি নির্দিষ্ট শর্তে অগ্রিম জাকাত দিতে পারেন। কিন্তু কারও জাকাত যদি ইতিমধ্যে ফরজ হয়ে যায়, শুধু রমজানে বেশি সওয়াবের আশায় তা কয়েক মাস আটকে রাখা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ফরজ হওয়ার আগে দেওয়া অগ্রিম জাকাত, আর ফরজ হওয়ার পর দেওয়া হলো ফরজ জাকাত। এই পার্থক্যটি মনে রাখা জরুরি।
রমজানে নফল সদকা, দান ও অন্যান্য ইবাদত বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু ফরজ জাকাতকে রমজানের সঙ্গে আবশ্যিকভাবে বেঁধে দেওয়া ঠিক নয়। জাকাতের প্রকৃত সময় হলো, যখন শরিয়তের শর্ত পূরণ হয়ে তা ফরজ হয়। তাই নিজের জাকাতের বছর ও সম্পদের হিসাব জানা, ফরজ হওয়ার সময় নির্ধারণ করা এবং ফরজ হলে যথাসময়ে তা আদায় করাই একজন সচেতন মুসলমানের দায়িত্ব।
লেখক : আলেম ও সাংবাদিক



