সম্পাদকীয়
আধুনিক অপরাধ

গ্রাফিকস: আগামীর সময়
একসময় প্রতারণা সীমাবদ্ধ ছিল ভুয়া কাগজপত্র, জাল স্বাক্ষর কিংবা আর্থিক লেনদেনের ফাঁকফোকরে। এখন প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছে অপহরণসদৃশ জিম্মি করা, শারীরিক নির্যাতন, জোরপূর্বক চেক আদায় এবং সেই চেককে হাতিয়ার করে আদালতে মামলা করার মতো ভয়ংকর কৌশল। এটি শুধু আর্থিক অপরাধ নয়; বরং আইন ও বিচারব্যবস্থাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করার একটি নতুন প্রবণতা।
গতকাল শনিবারের দৈনিক আগামীর সময়-এর প্রতিবেদনে উঠে আসা ‘ডিবি সেজে চেকে সই’ ঘটনাটি নানামুখী বার্তা দিচ্ছে, যা উদ্বেগজনক। অভিযোগ অনুযায়ী, দুই ব্যবসায়ীকে রাজধানীর সেগুনবাগিচায় ডেকে নিয়ে আটকে রাখা হয়। এরপর তাদের মারধর করে জোরপূর্বক চেক আদায় করে স্বাক্ষর নিয়ে চট্টগ্রামে গিয়ে আদালতে তা ডিজঅনারের মামলা করা হয়। ঘটনায় দুই ভুক্তভোগী আসামিদের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
এখানে প্রতারণার অভিনবত্ব হলো, প্রথমে ডিবি পুলিশের পরিচয়ে জোরজবরদস্তির মাধ্যমে চেক সংগ্রহ, পরে সেই চেককে বৈধ আর্থিক লেনদেনের দলিল হিসেবে উপস্থাপন করে আইনি প্রক্রিয়াকে ব্যবহার করার চেষ্টা। অর্থাৎ অপরাধীরা শুধু মানুষকে জিম্মি করছে না, বিচারিক প্রক্রিয়াকেও নিজেদের স্বার্থে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে।
এ ধরনের ঘটনা প্রমাণ করে, অপরাধের ধরন বদলাচ্ছে; কিন্তু অপরাধ প্রতিরোধে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার সক্ষমতা কতটা বাড়ছে— সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথম প্রশ্নটি পুলিশের কাছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসায়ীদের ডেকে এনে আটকে রেখে নির্যাতন করে চেক আদায়ের মতো ঘটনা কীভাবে ঘটতে পারে? অপরাধীরা কি এতটাই নিশ্চিন্ত যে কাউকে জিম্মি করে জোরপূর্বক সম্পদ বা আর্থিক দলিল আদায় করেও সহজে পার পেয়ে যাবে?
পুলিশের কাজ শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর মামলা নেওয়া নয়; অপরাধের নতুন ধরন শনাক্ত করা, অপরাধীদের নেটওয়ার্ক চিহ্নিত করা এবং সম্ভাব্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব। অথচ প্রতারণার কৌশল যখন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তখন পুলিশের গোয়েন্দা নজরদারি ও অপরাধ শনাক্তকরণ ব্যবস্থায় আরও আধুনিকতা ও দক্ষতা দৃশ্যমান নয়।
বিশেষ করে ঢাকায় সংঘটিত একটি ঘটনার চেক নিয়ে চট্টগ্রামে মামলা করার বিষয়টি আন্তঃজেলা অপরাধ তদন্তের গুরুত্ব সামনে নিয়ে আসে। এক জেলার অপরাধের সূত্র অন্য জেলায় গিয়ে বিস্তৃত হলে দুই জেলার পুলিশের মধ্যে সমন্বয় থাকা অপরিহার্য। চেকের পেছনে প্রকৃত লেনদেন ছিল কি না, চেকটি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল কি না, খোদ পুলিশেরই একটি বিশেষ শাখার নাম ব্যবহার করে ভয়ভীতি বা নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছিল কি না— এসব বিষয় তদন্তের মাধ্যমে
এ ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, চেকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক দলিলকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ। চেক মূলত আর্থিক লেনদেনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার মাধ্যম। কিন্তু কেউ যদি জোরপূর্বক চেক নিয়ে সেটি আদালতে মামলা করার উপকরণ বানায়, তাহলে প্রকৃত লেনদেনকারী ও প্রতারিত ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।
এ ঘটনা বিচ্ছিন্ন কোনো প্রতারণার অভিযোগ হিসেবে দেখার সুযোগ নেই। এর মধ্যে অপরাধের একটি বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত রয়েছে। অপরাধীরা এখন শুধু অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে না; বরং আর্থিক দলিল, মামলা ও বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করে প্রতারণার নতুন পথ খুঁজছে।
অপরাধী যেন অপরাধের মাধ্যমে লাভবান হতে না পারে, সেই নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। যেখানে ব্যবসায়ীকে ব্যবসা করতে গিয়ে জিম্মি হওয়ার ভয় থাকবে না, চেক হবে না প্রতারণার অস্ত্র আর আদালতকে কেউ ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।



