কাগজে এক দাম রান্নাঘরে আরেক

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশের এলপিজি বাজারে আসলে তিনটি দাম চলে। প্রথমটি আন্তর্জাতিক দাম। সৌদি আরামকো প্রতি মাসে প্রোপেন-বিউটেনের যে কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ঘোষণা করে, এশিয়ার বাজার তাকে ঘিরেই ঘোরে। নভেম্বরে প্রোপেনের সিপি ৪০ ডলার বেড়ে টনপ্রতি ৭২০ ডলার, বিউটেনের ৫০ ডলার বেড়ে ৭৮০ ডলার হয়েছে। জাপানি একটি বাজার বিশ্লেষণ অনুযায়ী, এটি টানা চতুর্থ মাসের বৃদ্ধি। দ্বিতীয়টি বিইআরসির ঘোষিত দাম, যা কাগজে লেখা থাকে। তৃতীয়টি দোরগোড়ার দাম, যা আসলে ভোক্তা দেন।
গত দুই মাসে এই তিনটি দাম একসঙ্গে বেড়েছে; কিন্তু একই গতিতে নয়। সেপ্টেম্বরে ১২ কেজির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল। ২ নভেম্বর আরও ২২৩ টাকা বাড়িয়ে করেছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় দুই মাসে বেড়েছে প্রায় ৩০ শতাংশ। প্রতি কেজিতে এখন খরচ দাঁড়িয়েছে প্রায় ১৭২ টাকা।
দাম বাড়ার ভেতরের হিসাব
নভেম্বরের মূল্যবৃদ্ধির ব্যাখ্যায় বিইআরসি দুটি কারণ বলেছে। একটি আন্তর্জাতিক বাজারদর; অন্যটি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন বৃদ্ধি। এই কমিশনের অঙ্কটা আলাদা করে দেখা দরকার। আমদানিকারকের মজুদ ও বোতলজাতকরণ চার্জ ২০০ থেকে বেড়ে ২৮১ দশমিক ৭৬ টাকা, ডিলারের চার্জ ৫০ থেকে ৮৫ এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ থেকে ৭০ টাকা হয়েছে।
তিন স্তরের কমিশন যোগ করলে ২৯৫ টাকা বেড়ে হয় ৪৩৬ টাকা ৭৬ পয়সা। বৃদ্ধি ১৪১ টাকা ৭৬ পয়সা। এর মানে, এ মাসের ২২৩ টাকার বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশ এসেছে সরবরাহ-শৃঙ্খলের মার্জিন থেকে। আন্তর্জাতিক বাজারের অংশ মাত্র ৮১ টাকার কাছাকাছি।
ডিলার ও খুচরা বিক্রেতার খরচ সত্যিই বেড়ে থাকতে পারে। প্রশ্ন হলো, গণশুনানিতে যে খরচের ফর্দ দেখানো হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করেছে কে এবং সেই যাচাইয়ের ফল জনগণ দেখতে পেয়েছে কি? কমিশন বাড়ানোর বিনিময়ে নিয়মিত সরবরাহ ও নির্ধারিত দামে বিক্রির শর্ত জোড়া ছিল কি না, সে কথাও জানা যায়নি। শর্তহীন কমিশন বৃদ্ধি আসলে একতরফা ছাড়।
ঘোষিত দাম বনাম বাস্তবের দাম
কমিশন বাড়ানোর পরও বাজারে সংকট কমেনি। সেপ্টেম্বরের শেষে জ্বালানিমন্ত্রী কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন, আর বলেছিলেন দেশে সরবরাহে ঘাটতি নেই। তবু সংকট গেছে কি না, বাজারের চিত্রই তার জবাব।
অক্টোবরে সরকারি দাম ১ হাজার ৮৩৭ টাকা থাকলেও রাজধানীতেই সিলিন্ডার বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।
নতুন দাম ঘোষণার পর তা নথিতে সংশোধিত হয়ে যায়। কিন্তু যে ভোক্তা প্রতিবার অতিরিক্ত দাম দিয়ে কেনেন, তার কাছে সংশোধিত দামের কোনো মানে থাকে না।
হরমুজের ছায়া ও ভারতের উদাহরণ
আমাদের নিজস্ব দুর্বলতার পাশাপাশি বৈশ্বিক চাপও বাস্তব। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং প্রোপেনের সিপি মার্চের ৫৪৫ ডলার থেকে চড়তে চড়তে নভেম্বরে ৭২০ ডলারে ঠেকেছে। শীতে চাহিদা বাড়ছে, প্রণালির স্বাভাবিকতা ফেরার নিশ্চিত সময়সীমা নেই। এ পরিস্থিতিতে প্রতি মাসে দাম সমন্বয় অনিবার্য।
প্রসঙ্গত, ভারতের উদাহরণ প্রায়ই টানা হয়; কিন্তু তা সাধারণত দাম তুলনা পর্যন্তই থেমে যায়। নভেম্বরে দিল্লিতে ১৪ দশমিক ২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৪২ রুপি, মুম্বাইয়ে ৯৪১ দশমিক ৫০, কলকাতায় ৯৬৮ এবং চেন্নাইয়ে ৯৫৭ দশমিক ৫০ রুপি, আর এ দাম বদলায়নি। প্রতি কেজি হিসাবে ৬৬ রুপির কাছাকাছি, যা বাংলাদেশি টাকায় ৮৭ থেকে ৮৮ টাকা। বাংলাদেশের প্রতি কেজি ১৭২ টাকার প্রায় অর্ধেক।
ভারতের এই কম দামের পেছনে ভর্তুকি আছে। জাতীয় অর্থনীতির একটি প্রতিবেদন অনুযায়ী, ১৪ দশমিক ২ কেজির সরবরাহ ব্যয় প্রায় ১ হাজার ৬০০ রুপি, গ্রাহক দেন ৯৪২, বাকি ৬৫৮ রুপি ভর্তুকি। এই ব্যয়ে ধরলেও প্রতি কেজির ব্যয় দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৮ টাকা। অর্থাৎ ভারত ভর্তুকিসহ যে দামে দেয়, তার পূর্ণ ব্যয়ও আমাদের খুচরা দামের চেয়ে কম।
প্রতি মাসে আন্তর্জাতিক দরের দোহাই দিয়ে দাম সমন্বয় করে যাওয়া আর সংকটের দায় বাজারের ওপর ছেড়ে দেওয়া। অথবা দামের সঙ্গে সঙ্গে সরবরাহ-শৃঙ্খলের স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করা
ভর্তুকি নয়, ব্যবস্থাটাই শেখার বিষয়
ভারতের অভিজ্ঞতার আসল শিক্ষা ভর্তুকির অঙ্কে নেই। শিক্ষা আছে তিনটি কাঠামোগত বিষয়ে।
প্রথমত, লক্ষ্যভিত্তিক সুরক্ষা। উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবার বছরে চারটি সিলিন্ডারে মোট ১ হাজার ২০০ রুপি বাড়তি ভর্তুকি পায়, অর্থাৎ সিলিন্ডারপ্রতি ৩০০ রুপি। এই অর্থ যায় পরিবারের নারী সদস্যের ব্যাংক হিসাবে। সবার জন্য দাম কমানোর বদলে যাদের সবচেয়ে বেশি দরকার, তাদের কাছে নগদ পৌঁছানো হয়। রাজ্য সরকারগুলোও নিজেদের সামর্থ্যে এ ব্যবস্থার ওপর আরেক স্তর যোগ করেছে।
দ্বিতীয়ত, বুকিং হয় হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, অ্যাপ বা মিসড কলে। সিলিন্ডার পৌঁছানোর আগে গ্রাহকের ফোনে ওটিপি আসে, ডেলিভারি কর্মীকে সেটি জানালে তবেই ডেলিভারি নিশ্চিত হয়। এতে ইচ্ছামতো বেশি দাম আদায়ের সুযোগও সংকুচিত হয়।
তৃতীয়ত, ভারতে বাজারের প্রায় পুরোটা তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাতে, ফলে সরকারি নিয়ন্ত্রণ সহজ। বাংলাদেশে বেসরকারি খাতই প্রধান। সীমিত প্রতিযোগিতার বাজারে নিয়ন্ত্রক সতর্ক না থাকলে ঘাটতির মুহূর্তে মূল্য-ক্ষমতা সরবরাহকারীর হাতেই চলে যায়।
ছয়টি পদক্ষেপ জরুরি
১. প্রতিটি সিলিন্ডারে কিউআর কোড ও ডেলিভারির ওটিপি যাচাই চালু করা। ভোক্তা ফোনে দেখতে পাবেন সরকারি দাম কত, কোন ডিলার থেকে এসেছে, কত দামে বিক্রি হলো। অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ তখন ভোক্তার হাতে থাকবে। এটি করতে দরকার প্রযুক্তি ও রাজনৈতিক সদিচ্ছা।
২. কমিশন বাড়ানোর আগে চাই স্বাধীন ব্যয়-নিরীক্ষা, আর সেই নিরীক্ষার ফল প্রকাশ্যে আনা। সঙ্গে শর্ত, নির্ধারিত দামে বিক্রি ও নিয়মিত সরবরাহ নিশ্চিত না করলে মার্জিন কমবে এবং লাইসেন্স ঝুঁকিতে পড়বে।
৩. সৌদি সিপি, ডলারের বিনিময় হার, জাহাজ ভাড়া ও স্থানীয় ব্যয়— সবকিছুর ভিত্তিতে একটি প্রকাশ্য মাসিক সূত্র থাকলে ভোক্তা আগে থেকে আন্দাজ করতে পারবেন, বাজারেও গুজবের জায়গা কমবে।
৪. সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য নগদ সহায়তা বা সিলিন্ডার-ভাউচার চালু করা। এটি ভারতের উজ্জ্বলার মতো মডেলের সরাসরি শিক্ষা, যেখানে ব্যয়ের চাপ সবার ওপর সমান না ছড়িয়ে দুর্বল অংশকে আগে সুরক্ষা দেওয়া হয়।
৫. নিত্যব্যবহার্য পণ্যটির ওপর আমদানি ও বিপণন পর্যায়ের করভার ভোক্তা দামে কতটা যোগ হচ্ছে, তার হিসাব প্রকাশ করা উচিত। সংকটকালে অন্তত সাময়িক ছাড়ের বিষয়টিও ভাবা দরকার।
৬. উৎসের বৈচিত্র্য, কৌশলগত মজুদ, দীর্ঘমেয়াদি চুক্তি ও সম্ভাব্য ক্ষেত্রে পাইপলাইনের গ্যাসে অগ্রাধিকার— এসবই দামের ঝাঁকুনি সামলানোর বীমা।
সরকারের সামনে এখন দুটি পথ। প্রতি মাসে আন্তর্জাতিক দরের দোহাই দিয়ে দাম সমন্বয় করে যাওয়া, আর সংকটের দায় বাজারের ওপর ছেড়ে দেওয়া। অথবা দামের সঙ্গে সঙ্গে সরবরাহ-শৃঙ্খলের স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করা। প্রথম পথে দামের তালিকা দীর্ঘ হবে, আস্থা ক্ষয় হবে। দ্বিতীয় পথে সময় ও সংস্কার লাগবে; কিন্তু রান্নাঘরের আগুন জ্বলবে ঘোষিত দামেই।
লেখক: স্নাতকোত্তর শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়



