আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

কক্সবাজার আশ্রয় শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সমাবেশ স্থল। ফাইল ছবি
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো বলছে, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
গতকাল সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই আহ্বান।
বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে তারা।
দেশগুলো স্পষ্ট করে জানায়, আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্তের আলোকে দেশটিকে তার সব আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী ভয়াবহ সহিংসতা, নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছে। আইসিজের এই রায় প্রমাণ করে, এ ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির কোনো সুযোগ থাকা উচিত নয়।
বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারের সব নাগরিকের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।
২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে গাম্বিয়া।
দীর্ঘ সাত বছরের আইনি লড়াই ও বিভিন্ন দেশের হস্তক্ষেপ শেষে গত ১৯ নভেম্বর আদালত মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে ৯-৬ ভোটে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দেন।
আপিলঅযোগ্য এই রায়ে আদালত মিয়ানমারকে সব ধরনের গণহত্যা বন্ধ করা, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রদান করে।







