সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আইসিজের রায় কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ বাড়াবে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। ছবি: আগামীর সময়
রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ, বহুপক্ষীয় সংস্থা, দ্বিপক্ষীয় অংশীদারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
আইসিজের রায়ের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার রাষ্ট্রের সংঘটিত গণহত্যা ও নৃশংসতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে। এ ক্ষেত্রে শুধু দ্বিপক্ষীয় উদ্যোগ যথেষ্ট নয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বহুপক্ষীয় অংশীদারদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আইসিজের রায় বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, মামলার পক্ষ হিসেবে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর মধ্যে থেকে তা জোরালোভাবে এগিয়ে নেবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়াই বাংলাদেশের অগ্রাধিকার। তবে এ প্রত্যাবাসন হতে হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে। রাখাইন রাজ্যে তাদের বসবাস ও জীবন পুনর্গঠনের উপযোগী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হলে প্রত্যাবাসন কার্যকর হবে না।
রাখাইনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হবে। ঐতিহাসিক এ রায় আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
ক্ষতিপূরণের বিষয়ে হুমায়ুন কবীর বলেন, স্বজন হারানো পরিবারগুলোর বেদনা কিংবা মানুষের জীবনের মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিত সদস্যরা যাতে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়তে পারেন, সে জন্য ক্ষতিপূরণমূলক ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বললেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন রাতারাতি সম্ভব নয়। তবে এখন থেকেই জোরালো আলোচনা শুরু করা হবে, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের নিরাপদে দেশে ফেরার পথ তৈরি করা যায়। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বাংলাদেশ।




