স্থগিত হওয়া পোশাকখাতের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

ফাইল ছবি
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরী বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরী বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে (শাহ পোরশিয়া, ১৪তম তলা) এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভার আলোচ্যসূচিতে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনার বিষয়টি রাখা হয়েছে।
সভার নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছিল। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দাখিল করেছিলেন। সে সময় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে প্রস্তাব দিতে না পারায় তাদের লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল।
বর্তমানে পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হয়েছিল।





