নকল গিজার তৈরির দায়ে কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি
বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। এ ছাড়া পণ্য বাজারজাত করতে বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল। এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা ও কারখানা সিলগালা করা হয়।
বিএসটিআই জানায়, গিজার বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ৩৩৫টি পণ্যের একটি। এ পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের জন্য বিএসটিআইয়ের মান সনদ নেওয়া বাধ্যতামূলক। অনুমোদনহীন গিজারে বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানির চাপ সহ্য করার ক্ষমতায় ত্রুটি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, দগ্ধ হওয়া কিংবা ট্যাংক ফেটে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মহানগর পুলিশ সহযোগিতা করে। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ফারদিন ইসলাম ও পরীক্ষক শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
পণ্যের মান নিশ্চিত করা এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।



