প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীনা রাষ্ট্রদূতের গঠনমূলক ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত যৌথ উদ্যোগের পরিধি আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাওয়া সর্বাত্মক সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারত্ব আরও গভীর ও শক্তিশালী হবে।



