সড়কে মৃত্যুর ৯২ শতাংশই ‘গরিব দেশে’
- দেশে ৪ বছরের ব্যবধানে মৃত্যু বেড়েছে ২৪ শতাংশ
- ইউরোপে ১০ বছরে মৃত্যু কমেছে ৩৬ শতাংশ

গ্রাফিকস: আগামীর সময়
বিশ্বে সড়ক দুর্ঘটনায় (রোডক্র্যাশ) মৃত্যুর ৯২ শতাংশই হচ্ছে গরিব (নিম্ন ও মধ্যম আয়ের) দেশগুলোয়। সড়কে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বেশি মৃত্যু হচ্ছে এসব দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটির হিসাবে, উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার তিনগুণ বেশি। অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থার ঘাটতিও এ পার্থক্যের অন্যতম কারণ।
বাংলাদেশেও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২১ হাজার ৩১৬ জনের। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ২৪ হাজার ৯৫৪ জনে। ২০২১ সালে এ সংখ্যা আরও বেড়ে হয় ৩১ হাজার ৫৭৮। ওই বছর প্রতি লাখ মানুষের বিপরীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৯ জন। অথচ ২০১৮ সালে এ হার ছিল ১৫ দশমিক ৩। অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে লাখে মৃত্যু বেড়েছে প্রায় ২৪ শতাংশ।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বিভিন্ন দেশের মধ্যে এ পার্থক্যের চিত্র দেখা যায়। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার তুলনামূলক কম। সুইজারল্যান্ডে প্রতি লাখ মানুষের বিপরীতে মারা যান দুজন, জাপানে তিনজন এবং অস্ট্রেলিয়ায় পাঁচজন। অন্যদিকে মালয়েশিয়ায় এ হার ১৪, ভারতে ১৫ এবং বাংলাদেশে ১৯ জন। তবে বাংলাদেশ পুলিশের হিসাবে দেশে প্রতি লাখে মৃত্যুর সংখ্যা তিনজন। আন্তর্জাতিক সংস্থার হিসাবের সঙ্গে পুলিশের নথিভুক্ত মৃত্যুর এ পার্থক্য সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র প্রদানের ক্ষেত্রেও প্রশ্ন সৃষ্টি করছে।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সড়কে প্রাণহানির এ ব্যবধানকে অনিবার্য মনে করছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে, যথাযথ পরিকল্পনা, নিরাপদ অবকাঠামো, কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগ থাকলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। গত রবিবার বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায়ও উঠে আসে এ প্রত্যাশার কথা।
সংশ্লিষ্টদের মতে, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সড়ক ব্যবহারকারীর ভুল, অবহেলা, যানবাহনের ত্রুটি কিংবা অবকাঠামোগত দুর্বলতার মতো বিষয় জড়িত থাকে। এ কারণে ‘রোডক্র্যাশ’ শব্দটি ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনার পেছনে থাকা দায় ও প্রতিরোধযোগ্যতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সড়কে প্রাণহানি অনেক ক্ষেত্রেই পূর্বানুমানযোগ্য এবং প্রতিরোধ করা সম্ভব। এ ধারণা থেকেই বিশ্ব জুড়ে গুরুত্ব পাচ্ছে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ বা নিরাপদ সড়কব্যবস্থা পদ্ধতি।
এ পদ্ধতির মূল লক্ষ্য হলো, সড়কে দুর্ঘটনা ঘটলেও যেন তা মানুষের মৃত্যু কিংবা গুরুতর আঘাতের কারণ না হয়। এজন্য শুধু চালকের সচেতনতার ওপর নির্ভর না করে নিরাপদ সড়ক অবকাঠামো, যানবাহনের মান, নিয়ন্ত্রিত গতিসীমা, আইন প্রয়োগ এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সুইজারল্যান্ড, ডেনমার্ক, জাপানসহ বেশ কয়েকটি দেশ এ ধরনের সমন্বিত ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে কমিয়ে এনেছে সড়কে মৃত্যুর হার। এসব দেশে প্রতি লাখ মানুষের বিপরীতে মৃত্যুর হার দুই-তিনজনের মধ্যে।
উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মৃত্যুহারের এ ব্যবধান কমাতে আলোচনায় এসেছে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতির বিষয়টিও। বিশ্বে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয় সড়কে। ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সড়ক নিরাপত্তা প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালী নোমান বলছিলেন, ২০১০-২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। একই সময়ে ইউরোপীয় অঞ্চলে এ হার কমেছে ৩৬ শতাংশ। যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।
তবে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে শুধু চালক বা যাত্রীদের সচেতনতার বিষয়টি সামনে আনলেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সড়কের অবকাঠামো, যানবাহনের মান এবং পরিবহনব্যবস্থার দুর্বলতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এসব সীমাবদ্ধতা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী আগামীর সময়কে বললেন, উন্নত দেশগুলোতে সড়কের অবকাঠামো অনেক বেশি নিরাপদ ও উন্নত। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সড়কের কাঠামোগত দুর্বলতা রয়েছে। এ কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেশি। এ ছাড়া সড়কে ছোট যানবাহনের আধিক্য দুর্ঘটনার অন্যতম কারণ। অনেক সময় সচেতন যাত্রীরাও ভালো যানবাহন না পেয়ে ইজিবাইক, ভ্যানের মতো ছোট যানবাহনে চলাচল করতে বাধ্য হন।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসা নিশ্চিত করাও প্রাণহানি কমানোর গুরুত্বপূর্ণ শর্ত। একই সঙ্গে এসব রোগীর চিকিৎসায় হাসপাতালগুলোর ওপরও সৃষ্টি হচ্ছে বাড়তি চাপ। ২০২৪ সালে করা ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালের ওপর চাপ নিরূপণ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। তাই দুর্ঘটনার পর চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়াও জরুরি।
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত আগামীর সময়কে বলছিলেন, দেশে কার্যকর জরুরি উদ্ধার ও চিকিৎসাসেবার ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর পরও পুলিশি ছাড়পত্রসহ প্রশাসনিক জটিলতায় চিকিৎসা পেতে দেরি হয়। সম্প্রতি হাইকোর্ট পুলিশি ছাড়পত্র ছাড়াই সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিলেও মাঠপর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত হয়নি। দেশব্যাপী দ্রুত অ্যাম্বুলেন্স সেবা, প্রশিক্ষিত উদ্ধারকর্মী ও জরুরি চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।
সড়কে প্রাণহানি কমাতে আন্তর্জাতিক অঙ্গীকারও রয়েছে। জাতিসংঘের ২০২১-৩০ মেয়াদের সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশে নিরাপদ সড়কব্যবস্থা পদ্ধতি বাস্তবায়ন, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা জরুরি।



