রোহিঙ্গাদের ঘরে ফেরা তবুও অনিশ্চিত
- গণহত্যার দায়ের রায়কে অন্যায্য বলে প্রত্যাখ্যান মিয়ানমারের
- ১৮ মাসের মধ্যে ফেরার পরিবেশ তৈরি করতে চাইছে বাংলাদেশ
- যুদ্ধ, নাগরিকত্ব সংকট, রায় বাস্তবায়নের সীমাবদ্ধতায় প্রত্যাবাসনে অনিশ্চয়তা
- চলাচলের স্বাধীনতা, শিক্ষা, চিকিৎসা ও জীবিকার অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না

সংগৃহীত ছবি
দীর্ঘদিনের অপেক্ষার পর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) স্বীকৃতি পেয়েছে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া ঐতিহাসিক রায়ে আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের পুনর্মিলনের নির্দেশ দিয়েছেন। কিন্তু এতে কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গার ঘরে ফেরার নিশ্চয়তা কতটুকু সৃষ্টি হয়েছে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
রায়টিকে বাংলাদেশের অর্জন হিসেবে দেখলেও প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির মুখপাত্র খাইং খাইং সোয়ে গতকাল শুক্রবার রায়কে অন্যায্য আখ্যা দিয়েছেন। বলেছেন, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের এই অবস্থান রায় বাস্তবায়নের অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।
আইসিজের রায় চূড়ান্ত ও সংশ্লিষ্ট পক্ষের জন্য বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় কার্যকর করার নিজস্ব কোনো পুলিশি বা সামরিক ব্যবস্থা আদালতের হাতে নেই। ফলে রায় মানতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর মূল চ্যালেঞ্জ সেখানেই।
বাংলাদেশের কাছে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই সংকটের একমাত্র কার্যকর সমাধান। রায়ের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মিয়ানমারকে আদালতের নির্দেশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে পালনের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও রায় বাস্তবায়নে উদ্যোগী হওয়ার অনুরোধ করেছে ঢাকা।
গতকাল উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। তিনি রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে গণহত্যা ঠেকানোর ওপর গুরুত্ব দেন। জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের কাছে রোহিঙ্গাদের কথা তুলে ধরার অঙ্গীকারও করেন তিনি।
অন্যদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানালেন, জাতিসংঘ, দ্বিপক্ষীয় অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার পরিবেশ তৈরির চেষ্টা করা হবে। তবে এটি প্রত্যাবাসন শুরুর নিশ্চিত সময়সীমা নয়। রাখাইনের পরিস্থিতির ওপরই তা নির্ভর করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও রায়কে ঐতিহাসিক ও বাংলাদেশের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, রোহিঙ্গারা সম্মানের সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে চায়। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উচিত বিষয়টি বোঝা এবং আদালতের রায়কে সম্মান করা। নতুন করে সহিংসতা ও বাংলাদেশে শরণার্থী আসার আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের ঘোষণা, পরে বিবৃতি সরিয়ে নিল মালয়েশিয়া
২০ নভেম্বর ২০২৬
রায় বাস্তবায়নের সীমাবদ্ধতা
আইসিজের রায় না মানলে কী হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আইসিজের মামলায় পক্ষভুক্ত রাষ্ট্রগুলো রায় মানতে বাধ্য। কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। পরিষদ চাইলে রায় কার্যকরের জন্য সুপারিশ বা ব্যবস্থা নিতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একজন ভেটো দিলে উদ্যোগ আটকে যেতে পারে। ফলে আইনি বাধ্যবাধকতা থাকলেও রায় বাস্তবায়ন রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভরশীল। আদালতের রায় কার্যকর করার সরাসরি ক্ষমতা নেই।
বাংলাদেশের সামনে তাই কয়েকটি কূটনৈতিক পথ রয়েছে। নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা, সাধারণ পরিষদে রায় বাস্তবায়নের পক্ষে সমর্থন আদায় এবং মিয়ানমারের ওপর সমন্বিত চাপ সৃষ্টি করা। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অষ্টম অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ জাতিসংঘের উপযুক্ত অঙ্গগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পারে। এক্ষেত্রে গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত ও জাপানের সমর্থনও প্রয়োজন। বিশেষ করে চীন ও ভারতের মিয়ানমারের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে।
আরেকটি বিষয় হলো, আইসিজের রায় রাষ্ট্রের দায় নির্ধারণ করেছে। ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণ করেনি। তাই গণহত্যায় জড়িত সামরিক কর্মকর্তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিদ্যমান তদন্তপ্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সর্বজনীন এখতিয়ারে বিচার করার উদ্যোগও এগিয়ে নেওয়া প্রয়োজন।
রাখাইনে যুদ্ধ ও নাগরিকত্বের প্রশ্ন, বড় বাধা প্রত্যাবাসনে
আইসিজের নির্দেশ থাকলেও রোহিঙ্গাদের ফেরার জন্য রাখাইন এখনো নিরাপদ নয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। ২০২৩ সালের শেষ দিক থেকে রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ বেড়েছে। বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। ফলে প্রত্যাবাসনের জন্য শুধু মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা যথেষ্ট নয়। বাস্তবে যাদের হাতে ভূখণ্ডের নিয়ন্ত্রণ, সেই আরাকান আর্মির সঙ্গেও আলোচনা প্রয়োজন। তবে আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। ফলে তাদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়াও জরুরি।
পাশাপাশি রয়েছে নাগরিকত্বের প্রশ্ন। মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে। তাদের অনেককে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে বর্ণনা করেছে দেশটি। নাগরিকত্ব, পরিচয়ের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, চিকিৎসা ও জীবিকার অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না।
তা-ই বাংলাদেশকে কয়েকটি বিষয়ে অনড় থাকতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। নিশ্চিত করতে হবে নিরাপত্তা, বসতভিটায় ফেরার অধিকার এবং অবাধ চলাচল। প্রত্যাবাসনের আগে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে এসব শর্ত যাচাই করতে হবে। রোহিঙ্গাদের সম্মতি ছাড়া কোনো প্রত্যাবাসন গ্রহণযোগ্য হবে না।
আন্তর্জাতিক অঙ্গনে ঐতিহাসিক রায়
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও রায়কে ঐতিহাসিক হিসেবে তুলে ধরেছে। রয়টার্স একে ‘ল্যান্ডমার্ক রুলিং’ হিসেবে বর্ণনা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি নজিরবিহীন ঘটনা। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বলেছে, জাতিসংঘের সর্বোচ্চ আদালত প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার জন্য দায়ী করেছে। এএফপি রায়টির আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্ব তুলে ধরেছে। সিএনএন ও বিবিসিও রায়ের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কও রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেছেন।
যুক্তরাজ্য রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং দেশটির কূটনৈতিক প্রতিনিধিকে তলবের ঘোষণা দিয়েছে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগের কথাও জানিয়েছে দেশটি। অন্যদিকে গাম্বিয়া রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছে। মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকারও আদালতের কর্তৃত্ব ও রায়কে সম্মান করার কথা জানিয়েছে।






