আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারের

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রায় ঘোষণার দিন উপস্থিত ছিলেন মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কো কো হ্লাইং— রয়টার্স
জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। তবে এ সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে শুক্রবার উল্লেখ করেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া এ রায়ে ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল বলে রায়ে উল্লেখ করা হয়।
রাজধানী নেপিদোতে সাংবাদিকদের তিনি বললেন, ‘১৫ জন বিচারকের সবাই এ সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব, এটি অন্যায্য।’
মিয়ানমার সরকার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালানো হয়েছিল বিদ্রোহীদের বিরুদ্ধে।
খিন খিন সোয়ে বলেন, আদালতে উত্থাপিত সব প্রশ্নের জবাব দিতে মিয়ানমার ‘সর্বাত্মক চেষ্টা’ করেছে। একই সঙ্গে ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিজেদের বাধ্যবাধকতা পূরণ ও সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছে’ দেশটি।
বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মিন অং হ্লাইং ২০১৭ সালের সামরিক অভিযানের সময় দেশটির সেনাপ্রধান ও অভিযানের দায়িত্বে ছিলেন। আদালত বলেছে, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের সেনারা প্রায় ১ লাখ রোহিঙ্গাকে হত্যা করেছে।
তবে হেগভিত্তিক আদালতের দেওয়া নির্দেশনা নিয়ে কোনো মন্তব্য করেননি খিন খিন সোয়ে। আদালত মিয়ানমারের সেনাবাহিনী-সমর্থিত সরকারকে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরতে দেওয়ার, মুসলিম এই জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার এবং গণহত্যায় জড়িত থাকার সন্দেহভাজন ব্যক্তিদের বিচার করার নির্দেশ দিয়েছেন।
খিন খিন সোয়ে বলেছেন, আদালতের রায় ও বিচারকদের মতামত ৩০০ পৃষ্ঠার বেশি। এগুলো পর্যালোচনা করতে হবে।
তিনি বললেন, ‘যেহেতু এগুলো আইনি নথি, তাই আমাদের সময় নিয়ে সতর্কতার সঙ্গে সেগুলো পর্যালোচনা করতে হবে।’
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস





