রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ১৩ সিদ্ধান্ত বিচারকদের

আইসিজের রায় ঘোষণার পর, কক্সবাজারের শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া— রয়টার্স
গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মূল সিদ্ধান্তে ১৫ বিচারকের মধ্যে ৯ জন পক্ষে ও ৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন। রায়ে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতা, আলামত সংরক্ষণে আদালতের আগের নির্দেশ লঙ্ঘন এবং রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত এসেছে। সব মিলিয়ে ১৩টি সিদ্ধান্ত দিয়েছেন বিচারকরা।
নেদারল্যান্ডসের দ্য হেগে বৃহস্পতিবার আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন।
আদালত বলেছেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনী গণহত্যা করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে মিয়ানমার।
আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করলেন আদালত।
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে আগুন দেওয়া এবং জোর করে বাংলাদেশে বিতাড়িত করার অভিযোগ আনা হয় মামলায়। গাম্বিয়ার দাবি ছিল, এসব কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।
১৩ সিদ্ধান্তে কী বলেছেন আদালত
গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি মিয়ানমারের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা নিয়েও একাধিক সিদ্ধান্ত দিয়েছেন বিচারকেরা। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি, জাতীয় আইন প্রণয়ন, আলামত সংরক্ষণ, ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন।
গণহত্যার দায় : ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। অর্থাৎ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য দেশটিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এ সিদ্ধান্ত হয়েছে ৯-৬ ভোটে।গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা : নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করা ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। এ সিদ্ধান্তও ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।
গণহত্যায় উসকানির অভিযোগ : উত্তর রাখাইনে ব্যক্তিদের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। এ সিদ্ধান্ত হয়েছে ১৪-১ ভোটে।
অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতা : গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা গণহত্যা ও সংশ্লিষ্ট অপরাধের জন্য দায়ীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। সিদ্ধান্তটি হয়েছে ১১-৪ ভোটে।
জাতীয় আইন প্রণয়নে ব্যর্থতা : গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন না করে সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। এ সিদ্ধান্ত হয়েছে ১৪-১ ভোটে।
আইন প্রণয়নের নির্দেশ : গণহত্যা সনদের বিধান পুরোপুরি কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে মিয়ানমারকে। সিদ্ধান্তটি হয়েছে ১৪-১ ভোটে।
তদন্ত ও বিচারের নির্দেশ : ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যা ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের তদন্ত করতে হবে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সিদ্ধান্ত হয়েছে ১৩-২ ভোটে।
পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা : ভবিষ্যতে গণহত্যা সনদ লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা দিতে হবে মিয়ানমারকে। সিদ্ধান্তটি হয়েছে ৯-৬ ভোটে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পরিবার পুনর্মিলন : বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ বাসস্থানে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। এ সিদ্ধান্ত হয়েছে ১০-৫ ভোটে।
ক্ষতিপূরণ : গণহত্যা সনদ লঙ্ঘনের কারণে রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে, তা পুনর্বহালমূলক প্রতিকারের মাধ্যমে পূরণ করা সম্ভব না হলে ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। সিদ্ধান্তটি হয়েছে ১০-৫ ভোটে।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ : ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং কীভাবে তা দেওয়া হবে, তা পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবেন আদালত। এ সিদ্ধান্ত হয়েছে ১০-৫ ভোটে।
আলামত সংরক্ষণের নির্দেশ লঙ্ঘন : ২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট আলামত ধ্বংস ঠেকানো এবং সেগুলো সংরক্ষণ করার বাধ্যবাধকতা ছিল মিয়ানমারের। সেই নির্দেশ লঙ্ঘন করেছে দেশটি। এ সিদ্ধান্ত হয়েছে ১১-৪ ভোটে।
গাম্বিয়ার অবশিষ্ট আবেদন খারিজ : আগের ১২টি সিদ্ধান্তে মঞ্জুর না হওয়া গাম্বিয়ার অন্যান্য আবেদন সর্বসম্মতিক্রমে খারিজ করেছেন বিচারকেরা।
কারা ছিলেন ১৫ বিচারক
আইসিজের ১৫ সদস্যের বিচারক প্যানেলে ছিলেন আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া, ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিন্ডে এবং ১১ জন নিয়মিত বিচারক।নিয়মিত বিচারকেরা হলেন পিটার তোমকা, রনি আব্রাহাম, সুয়ে হানছিন, জর্জ নল্টে, হিলারি চার্লসওর্থ, লিওনার্দো নেমার কালদেইরা ব্রান্ত, হুয়ান ম্যানুয়েল গোমেজ রোবলেদো, সারা ক্লিভল্যান্ড, বোগদান-লুসিয়ান আউরেস্কু, ডিরে তলাদি এবং মাহমুদ দাইফাল্লাহ হামুদ।
এ ছাড়া গাম্বিয়া ও মিয়ানমারের মনোনীত অ্যাড হক বিচারক হিসেবে ছিলেন নাভি পিল্লাই এবং ক্লাউস ক্রেস। তাদের নিয়ে মোট ১৫ জন বিচারক মামলার রায় দিয়েছেন।
গণহত্যার সিদ্ধান্তের পেছনে কী প্রমাণ পেয়েছেন আদালত
গণহত্যা প্রমাণের জন্য শুধু হত্যাকাণ্ডের সংখ্যা বিবেচনা করে না আইসিজে। কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল কি না, সেটিও প্রতিষ্ঠা করতে হয়। আইনি ভাষায় একে বলা হয় ‘জেনোসাইডাল ইনটেন্ট’ বা গণহত্যার উদ্দেশ্য।
আদালত ২০১৭ সালের সামরিক অভিযানের ধরন ও ব্যাপ্তি, রোহিঙ্গাদের হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন, পালিয়ে যাওয়ার সময় বেসামরিক মানুষের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের ঘটনাগুলো বিবেচনা করেছেন।
এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বিদ্বেষমূলক প্রচারণা, তাদের সন্তান জন্মদানের সক্ষমতা ও সম্ভাবনা কমানোর উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ এবং জনগোষ্ঠীটিকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার বিষয়টিও আদালতের মূল্যায়নে এসেছে।
আদালতের মতে, এসব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানো যায়। সামরিক অভিযানের নামে পরিচালিত এসব কর্মকাণ্ডকে শুধু নিরাপত্তা অভিযান দিয়ে ব্যাখ্যা করা যায় না।
বিচারকদের মধ্যে মতবিরোধ কেন
গণহত্যার মূল সিদ্ধান্তে ৯-৬ ভোটের বিভাজন ছিল। অর্থাৎ ছয় বিচারক সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিন্ডে, পিটার তোমকা, রনি আব্রাহাম, সুয়ে হানছিন, জর্জ নল্টে ও অ্যাড হক বিচারক ক্লাউস ক্রেস।
তাদের আপত্তির মূল বিষয় ছিল গণহত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণের মানদণ্ড এবং পারিপার্শ্বিক প্রমাণের মূল্যায়ন। গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার জন্য অপরাধমূলক উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা কি না, তা নিয়ে তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতপার্থক্য ছিল।
তবে ছয় বিচারক সব সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন না। যেমন, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানির অভিযোগ প্রমাণিত হয়নি—এ সিদ্ধান্তে তাদের অধিকাংশই পক্ষে ভোট দিয়েছেন। আবার তদন্ত, প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের মতো বিষয়েও তাদের ভোটের অবস্থান এক ছিল না।
সূত্র : বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, অ্যামনেস্টি









