পাঠকের ভয়
পাটক্ষেতে

আঁকা : অনন্যা প্রমা
১৯৮৫ সালের এপ্রিলের মাঝামাঝি। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে মাসব্যাপী চলছে যাত্রাপালা। আজকের পালা ‘মা-মাটি-মানুষ’। তখন তাড়াইলে বিদ্যুতের আলো তেমন পৌঁছায়নি। সন্ধ্যা হলেই চারদিকে নেমে আসত অন্ধকার।
রাত সাড়ে ১১টা। বাড়ির কাউকে কিছু না জানিয়ে চুপিচুপি বেরিয়ে পড়লাম যাত্রার নাচ-গান দেখতে। দেখতে দেখতে রাত ১টা ২০ মিনিট। এবার মূল পালা শুরু হবে। কিন্তু বাড়িতে ধরা পড়ার ভয়ে আর থাকা হলো না। ফিরতে হবে। বাইরে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বাড়ি বড়জোর আধা কিলোমিটার। অথচ সেদিন মনে হচ্ছিল, পথ যেন শেষই হচ্ছে না।
উপজেলা পরিষদ এলাকাটি তখন আমাদের কাছে টিটিডিসি নামে পরিচিত ছিল। সামনে দাঁড়িয়ে ছিল বিশাল এক বটগাছ— স্থানীয় মানুষের মুখে ‘চিন্তামণির বটগাছ’। প্রচলিত কথা, ওই গাছে নাকি ভূতের আস্তানা।
থানার মোড় থেকেই গাছটি দেখা যাচ্ছিল। যত কাছে যাচ্ছি, বুকের ধুকপুকানি তত বাড়ছে। বিদ্যুৎ চমকালেই গাছটির ঝুলন্ত শিকড়গুলো যেন অন্ধকারে ঝুলে থাকা অসংখ্য হাত। হঠাৎ মনে হলো, কেউ যেন গাছের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে আছে।
কোনোমতে গাছটি পেরিয়ে মাদ্রাসা রোডে ঢুকলাম। কিন্তু সামনে আরও ভয়। মাদ্রাসার শেষ সীমানায় বিশাল এক পুরনো রেইনট্রি গাছ। লোকমুখে শুনেছি, সেখানেও জিনের বসবাস। গাছটির নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো, ওপর থেকে কেউ আমাকে দেখছে। পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও হলো না।
এরপর কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটছি। বৃষ্টি, চারদিকে কাদা। লুঙ্গি কাছা দিয়ে বাঁ হাতে স্যান্ডেল নিয়ে কাদার মধ্য দিয়ে কোনোভাবে হেঁটে যাচ্ছি। তৈয়বউদ্দিন হাজির বাড়ির আমগাছগুলোর ছায়াও বিদ্যুতের আলোয় কখনো মানুষের মতো, কখনো অদ্ভুত প্রাণীর মতো মনে হচ্ছিল।
তখন রাত প্রায় ৩টা। পাটক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ল ক্ষেতের মাঝখানে
বাড়িটি পেরিয়ে রাস্তার ডান পাশে জয়নাল ভাইয়ের পাটক্ষেত। কোমরসমান পাটগাছগুলো বৃষ্টিতে ভিজে অন্ধকারে এক রহস্যময় জঙ্গলের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথা থেকে একটি সাদা বিড়াল ছুটে এসে পায়ের পাশ দিয়ে চলে গেল! আমি প্রায় জমে গেলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। এই বৃষ্টির মধ্যে বিড়াল এলো কোনখান থেকে? বৃষ্টিতে তো বিড়াল বাড়ি থেকে বের হয় না। নিজেকে সামলে আবার হাঁটতে শুরু করলাম।
তখন রাত প্রায় ৩টা। পাটক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ল ক্ষেতের মাঝখানে। সঙ্গে সঙ্গে হার্টের একটা বিট মিস হলো।
এ কী! একজন মহিলা দাঁড়িয়ে আছেন!
ভুল দেখছি না তো! চোখ কচলে আবার তাকালাম। ঠিকই তো।
মাথায় ঘোমটা, পরনে ধবধবে সাদা শাড়ি। কোমরসমান পাটগাছের মাঝখানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। চারদিকে এত অন্ধকার, অথচ তাকে স্পষ্ট দেখা যাচ্ছে!
আমি থমকে দাঁড়ালাম। এত রাতে, এমন নির্জন জায়গায় একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছেন কেন?
হঠাৎ তিনি ধীরে ধীরে ঘোমটা সরিয়ে আমার দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার মুখ ঢেকে ফেললেন। মুহূর্ত পর আবার ঘোমটা সরালেন!
আমার গলা শুকিয়ে কাঠ। পা যেন মাটিতে আটকে গেছে।
ঠিক তখনই বিদ্যুৎ চমকাল।
সাদা শাড়ি পরা মহিলাটি এবার যেন আমার দিকেই একটু ঝুঁকে আছেন!
আবার অন্ধকার।
মনে হলো, পাটগাছের ভেতর থেকে কেউ যেন নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে। পাতার মৃদু শব্দ হচ্ছে। অথচ বাতাস নেই!
কী করব, বুঝতে পারছিলাম না। সামনে যাব, নাকি পেছনে ফিরব? পেছনেও তো সেই চিন্তামণির বটগাছ আর জিনের রেইনট্রি!
সৃষ্টিকর্তার নাম নিতে নিতে ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। চোখ সরাতে পারছি না পাটক্ষেত থেকে। প্রতিবার বিদ্যুৎ চমকালেই সেই সাদা অবয়বটি দেখতে পাচ্ছি। আর অন্ধকার নামতেই যেন মিলিয়ে যাচ্ছে।
প্রায় দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছাকাছি পৌঁছালাম। তবু মনে হচ্ছিল, পেছনে কেউ আসছে। আমার পায়ের শব্দের সঙ্গে যেন আরেক জোড়া পায়ের শব্দ মিশে যাচ্ছে! কোনোমতে বাড়িতে ঢুকে ছাপড়া ঘরের ঝাঁপের দরজা বন্ধ করলাম। কাদামাখা পা নিয়েই বিছানায় শুয়ে পড়লাম।
আজ এত বছর পরও সেই রাতের কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে।



