হরর ছবি
ভূতকালম

গ্রাফিকস: আগামীর সময়
ভূতের গল্পে দর্শককে ভয় দেখানোর সবচেয়ে সহজ উপায় হলো ভূতের অস্তিত্বের একটা কারণ দাঁড় করানো। বহুকাল আগের কোনো খুন, আত্মহত্যা, অভিশাপ কিংবা প্রতিশোধের তৃষ্ণা, তারপর অতীতের সেই অন্ধকারের সঙ্গে বর্তমানের একটা যোগসূত্র। দর্শক ধীরে ধীরে রহস্যের জট খোলে, শেষে জেনে যায় বাড়িটা কেন অশুভ আর মৃতরা কেন ফিরে এসেছে।
রাহুল সদাশিবনের ‘ভূতকালম’ আমাদের এই ‘নিরাপদ’ জায়গায় এত সহজে পৌঁছাতে দেয় না।
গল্পের কেন্দ্রে আছে আশা আর তার ছেলে বিনু। চরিত্র দুটিতে অভিনয় করেছেন যথাক্রমে রেবতী ও শেন নিগম। আশা স্কুলশিক্ষক, বিধবা, একা হাতে সংসারের বোঝা টেনে চলেছেন। বিনুর ফার্মাসিতে ডিপ্লোমা আছে, কিন্তু অনেক দিন ধরেই সে কোনো চাকরি জোটাতে পারছে না। হতাশা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর জীবনটা থমকে গেছে— এই অনুভূতি তাকে একটু একটু করে সিগারেট আর মদের দিকে ঠেলে দিচ্ছে।
যে বাড়িতে তারা থাকে, সেটি কোনো গথিক জমিদারবাড়ি নয়; একেবারেই সাধারণ একটি বাড়ি। ভেতরে ঢুকলেই কেমন একটা দমবন্ধ ভাব, নীরবতা আর অস্বস্তি ঘিরে ধরে। কিছুক্ষণের মধ্যেই বাড়িটাকে সিনেমার আরেকটা চরিত্র বলে মনে হতে থাকে।
সেই নিস্তব্ধতার মধ্যেই বিনু অদ্ভুত সব জিনিস টের পেতে শুরু করে, বাড়িতে সে আর তার মা ছাড়াও আরও কেউ আছে। ছোট ছোট শব্দ, ব্যাখ্যা করা যায় না এমন আওয়াজ আর অন্ধকারে কেউ একজন আছে... এই অনুভূতি ধীরে ধীরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে।
সমস্যা হলো, বিনুকে কেউ বিশ্বাস করতে চায় না।
আশা ভাবেন, বেকারত্ব, হতাশা, নেশা আর মানসিক চাপ— এসব কারণে সে ভুলভাল দেখতেই পারে! শেষে তাকে জর্জ নামের একজন কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া হয়। চরিত্রটিতে অভিনয় করেছেন সাইজু কুরুপ। জর্জ গল্পের ভেতরে যুক্তির দৃষ্টিভঙ্গির প্রতিনিধি।
আমরা ধীরে ধীরে বাড়িটার ইতিহাসও জানতে পারি। অনেক বছর আগে এখানে এক ভয়ংকর খুন আর আত্মহত্যার ঘটনা ঘটেছিল। বাড়ির মালিকের ছেলে নিজের স্ত্রী ও মেয়েকে খুন করে তারপর নিজের প্রাণ নিয়েছিল। আরেক সাবেক ভাড়াটেও এই বাড়িতে থাকার সময় ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল।
একটা গতানুগতিক ভূতের গল্পে এটাই হতো সেই মুহূর্ত, যখন রহস্যের সমাধান হয়ে যায় যে এই ট্র্যাজেডিই বাড়িটাকে অভিশপ্ত করেছে। কিন্তু ভূতকালম ইঙ্গিত দেয় আরও অস্বস্তিকর কিছুর, হয়তো এসব ঘটার আগে থেকেই বাড়িটা অশুভ ছিল।
অতীতের ভয়াবহ ঘটনাগুলো হয়তো বাড়িটার অন্ধকারের কারণ নয়। সেগুলো হয়তো আগে থেকেই বিদ্যমান কোনো কিছুর আলাদা আলাদা প্রকাশ মাত্র। ঠিক এখানেই ভূতকালম আর শার্লি জ্যাকসনের হররের মধ্যে সবচেয়ে মজার একটা মিল ধরা পড়ে।
জ্যাকসনের দ্য হন্টিং অব হিল হাউসেও বাড়িটা কেন অশুভ তার কোনো চূড়ান্ত, স্বস্তিদায়ক ব্যাখ্যা নেই। অতীতে সেখানে ভয়ংকর সব ঘটনা ঘটেছে, আমরা তা জানতে পারি; কিন্তু সেসব ঘটনা কখনোই বাড়িটার প্রকৃতিকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। হিল হাউসকে মনে হয় নিজেই এক অস্বাভাবিক সত্তা।
ভূতকালমের বাড়িটার হিসাব প্রায় এক। এখানে অশুভ পরিবেশ কোনো ঘটনার ফল নয়, বরং সেটি যেন বাড়িটার স্বভাবেরই অংশ।
তবে ভূতকালমের ভয় শুধু বাড়িটার মধ্যে সীমাবদ্ধ নয়। সিনেমাটার সবচেয়ে বড় ভূত সম্ভবত একাকিত্ব।
আশা আর বিনু একই ছাদের নিচে থাকে, কিন্তু তাদের মধ্যকার যোগাযোগ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিন্তু সবকিছুর ওপরে এটা এমন একটা বাড়ির গল্প, যার অশুভ রহস্যের কোনো সহজ ব্যাখ্যা নেই। কিন্তু বাড়িটা কেন অশুভ, সিনেমা কখনোই তা নিশ্চিত করে না; বরং আমাদের সামনে রেখে যায় আরও অন্ধকার এক সম্ভাবনা, হয়তো বাড়িটা শুরু থেকেই এমন ছিল!



