রেসিপি
বিদেশি স্বাদে দেশি চিকেন

ছবি: আগামীর সময়
একঘেয়ে রান্নার স্বাদে যখন বিরক্তি আসে, তখন ভিন্ন দেশের রেসিপি হতে পারে সোনায় সোহাগা। মুরগির মাংসের এমন রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন ফাতেমা তুজ জোহরা
কোরিয়ান চিকেন রাইস বল
উপকরণ (মূল): মুরগির মাংস (হাড়বিহীন) ২০০ গ্রাম, মধু বা চিনি ১ চা চামচ, গোচুজাং ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, গোলমরিচ আধা চা চামচ এবং তেল ১ টেবিল চামচ।
উপকরণ (রাইস বল): ভাত ১ কাপ, সি-উইড ২ টেবিল চামচ, তিল পরিমাণমতো, তিলের তেল ১ চা চামচ, স্বাদমতো লবণ এবং মেয়োনিজ ১ টেবিল চামচ (ঐচ্ছিক, ক্রিমি স্বাদের জন্য)।
প্রণালি: প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরা করে এতে গোলমরিচ, সয়াসস, রসুন, মধু বা চিনি এবং গোচুজাং মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর প্যানে তেল গরম করে মাঝারি আঁচে মাংস ভালোভাবে ভেজে নিন। অন্যদিকে গরম ভাতের সঙ্গে সি-উইড, তিলের তেল ও স্বাদমতো লবণ মিশিয়ে নিন। হাতে সামান্য ভাত নিয়ে মাঝখানে ভাজা চিকেন রাখুন। এরপর ওপর থেকে আরও কিছু ভাত দিয়ে হাতের তালুতে চেপে গোল বলের আকৃতি দিন। সবশেষে শুকনো তিলে গড়িয়ে নিয়ে পরিবেশন করুন।
জাপানি ক্রিমি চিকেন
উপকরণ: মুরগির মাংস (হাড়বিহীন) ৫০০ গ্রাম, মাশরুম অথবা ক্যাপসিকাম (টুকরো করা) ১ কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, দুধ ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, ফ্রেশ ক্রিম আধা কাপ, চিনি আধা চা চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো এবং পেঁয়াজকলি (সাজানোর জন্য) পরিমাণমতো।
প্রণালি: মুরগির মাংসে লবণ, গোলমরিচ ও সামান্য সয়াসস মেখে ১৫ মিনিট রেখে দিন। এরপর প্যানে সামান্য মাখন দিয়ে মাংস হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে আদা, রসুন ও পেঁয়াজ কুচি ভেজে মাশরুম বা ক্যাপসিকাম দিন। মাশরুম নরম হলে দুধ ও ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে সসের সঙ্গে মিশিয়ে ঘন করুন। এরপর সয়াসস, চিনি ও গোলমরিচ দিয়ে স্বাদ ঠিক করে ভাজা মাংস যোগ করুন। অল্প আঁচে ৩-৫ মিনিট রান্না করে চুলা থেকে তুলে নিন। পরিবেশনের সময় পেঁয়াজকলি ও সামান্য গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন।
চিকেন কাটসু
উপকরণ: চিকেন ব্রেস্ট ২টি, লবণ আধা চা চামচ, গোলমরিচ সিকি চা চামচ, ময়দা আধা কাপ, ডিম ১টি, ব্রেডক্রাম পরিমাণমতো এবং তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
উপকরণ (সস): টমেটো কেচাপ ৩ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ এবং চিনি ১ চা চামচ।
উপকরণ: প্রথমে চিকেন ব্রেস্ট মাঝখান থেকে পাতলা করে কেটে হালকা চাপ দিয়ে সমান করে নিন। এতে লবণ ও গোলমরিচ মেখে ১০ মিনিট রেখে দিন। কোটিংয়ের জন্য আলাদা তিনটি পাত্রে ময়দা, ফেটানো ডিম ও ব্রেডক্রাম রাখুন। প্রথমে চিকেন ডিমে চুবিয়ে ময়দায় গড়িয়ে নিন। এরপর আবার ডিমে চুবিয়ে ব্রেডক্রামে ভালোভাবে গড়িয়ে নিন। প্যানে তেল গরম করে অল্প আঁচে চিকেন সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। অন্যদিকে টমেটো কেচাপ, ওয়েস্টার সস, সয়াসস ও চিনি মিশিয়ে সস তৈরি করুন। ভাজা চিকেন কিছুটা ঠান্ডা হলে স্লাইস করে কেটে সসের সঙ্গে গাজর, লেটুস পাতা ও লেবু দিয়ে পরিবেশন করুন।






