পাহাড়সম কষ্ট থাকলেও তোমার জন্য হাসিমুখে বাঁচবো: সালমা

মৌসুমী আক্তার সালমা
চলতি মাসের ১৭ তারিখ বাবা ফজলুল হককে হারিয়েছেন লোকসংগীতের শিল্পী মৌসুমী আক্তার সালমা। জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও অনুপ্রেরণাদাতাকে হারিয়ে শোকাহত এ গায়িকা। বাবার স্মৃতি ও স্বপ্নকে বুকে ধরে ফেসবুকে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।
বাবার প্রতি নিজের ভালোবাসা ও তার স্বপ্নের কথা স্মরণ করে সালমা লেখেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল যে সে আমাকে একজন বড় মাপের সংগীতশিল্পী বানাবে এ দেশের। সেই স্বপ্নটাকেই আমি আঁকড়ে ধরে বেঁচেছি এত বছর। আসলে প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। যত আবদার সব বাবারাই পূরণ করে মেয়েদের। বাবারা সবকিছু সইতে পারে কিন্তু মেয়ের চোখের জল সইতে পারে না। আজকে যখন আমার বাবা আমার কাছে নেই তখন মনে হচ্ছে যে পৃথিবীতে বাবা-মা বেঁচে থাকাটা কত বড় যে আশীর্বাদ। যার থাকে না শুধু সেই বোঝে। পৃথিবীর সব বাবারা অনেক ভালো থাকুক এই দোয়া করি’।
সংগীতের পাশাপাশি নিজের গান দিয়ে মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘আমার বাবার স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে বাকি জীবন বাঁচতে চাই এবং আমার এ পথ চলা, আমার এই সংগীতজীবন আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই সংগীত ক্যারিয়ার দিয়ে যেন আমি অসহায় মানুষদের পাশে থাকতে পারি।’
বাবার মৃত্যুর শেষ মুহূর্তের স্মৃতিকথা তুলে ধরে এবং বাবার আত্মার শান্তির জন্য নিজেকে শক্ত রাখার প্রত্যয় জানিয়ে সালমা আরও লিখেন, ‘এই যে আব্বু দেখো আমার বুকের ভেতরে পাহাড় সমান কষ্ট থাকলেও মুখে হাসি আছে। তুমি তো চাও আমি যেন সবসময় হাসিখুশি থাকি। আমি সবসময় চেষ্টা করব হাসিখুশি থাকার যাতে তোমার আত্মা কষ্ট না পায়। তুমি মৃত্যুর আগেও বারবার বলেছ আমার জয় আমার সালমা কই? তাহলে তোমার মৃত্যুর আগেও তুমি তোমার সন্তানদের কথাই ভেবেছ। তোমার কথা চিন্তা করে আমি আর কখনো কাঁদবো না। আমার জীবনে যতই ঝড় আসুক আমি সব সময় হাসি খুশি থাকবো। কারণ তুমি যাতে খুশি থাকো। তোমার আত্মার শান্তি হোক। তুমি সব সময় ভালো থাকো পরপারে এই দোয়াই করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা’।
সংগীতশিল্পী হিসেবে সালমার আজকের এ অবস্থানের পেছনে তার বাবার অবদান ছিল অপরিসীম। সালমার এই শোকাচ্ছন্ন সময়ে তার ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াত ফজলুল হকের আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।





