একই পোস্টারে মীনা কুমারী ও আনিতা মুই

‘ফেস্টিভ্যাল দে থোঁয়া কঁতিনো’র পোস্টার
হংকংয়ের এক কিন্নরকণ্ঠী। মুম্বাইয়ের এক অভিনেত্রী। দুটি মুখ, দুই ভিন্ন পৃথিবী। সীমান্ত পেরিয়ে সিনেমার মানচিত্রে যেন একীভূত হলেন তারা। ‘ফেস্টিভ্যাল দে থোঁয়া কঁতিনো’র (থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল) ৪৮তম আসরের পোস্টারে স্থান পেয়েছে তাদের অভিনীত বিখ্যাত দুটি চলচ্চিত্রের দৃশ্য। তারা হলেন হংকংয়ের গায়িকা-অভিনেত্রী আনিতা মুই এবং ভারতের অভিনেত্রী মীনা কুমারী। দুজনই অকাল প্রয়াত।
পোস্টারের একভাগে দেখা যাচ্ছে স্ট্যানলি কোয়ান পরিচালিত ‘রুজ’ (১৯৮৭) চলচ্চিত্রের আনিতা মুইকে। অন্য ভাগে আছে কমল আমরোহী পরিচালিত ‘পাকিজা’ (১৯৭২) সিনেমায় মীনা কুমারীর একটি দৃশ্য। পোস্টারটির দুটি সংস্করণ উন্মোচন করা হয়েছে।
আনিতা মুইকে বলা হতো ‘প্রাচ্যের ম্যাডোনা’। ২০০৩ সালের ৩০ ডিসেম্বর মাত্র ৪০ বছর বয়সে ক্যানসারে মারা যান তিনি। গত জুনে অক্সফোর্ডের ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফিতে যুক্ত করা হয়েছে তাকে।
‘রুজ’ এবং ‘পাকিজা’ চলচ্চিত্র দুটির মাধ্যমে আনিতা মুই ও মীনা কুমারীর প্রতি শ্রদ্ধা জানাবে থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল। এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বেশ কিছু চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার এর অন্যতম আকর্ষণ। ফ্রান্সের নঁত শহরে আগামী ২০ নভেম্বর শুরু হবে এই আয়োজন। উৎসবটির পরিচালক জেরোম ব্যারোঁ জানিয়েছেন, ৮ অক্টোবর আসরের মূল আয়োজনের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। একই দিন বিশেষ মূল্যে ২০টি চলচ্চিত্র প্রদর্শনীর টিকিটের প্যাকেজ বিক্রি শুরু হবে অনলাইনে। ২৯ অক্টোবর জানা যাবে উৎসবের পূর্ণাঙ্গ সূচি।




