বাবা বিজয়কে নিয়ে সিনেমা বানালে কমেডিই কেন? জানালেন জেসন সঞ্জয়

বিজয়ের কমেডি এবং মজার দিকটিকেই বড় পর্দায় তুলে আনতে চান জেসন
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় নিজেই এবার বসতে যাচ্ছেন পরিচালকের আসনে। খুব শিগগির ‘সিগমা’ সিনেমার মাধ্যমে ডেবিউ করতে যাচ্ছেন তিনি। তবে নিজের প্রথম সিনেমা মুক্তির আগেই বাবা বিজয়কে নিয়ে সিনেমা বানানো সংক্রান্ত এক মজার ও চমকপ্রদ তথ্য ভাগ করেছেন এই তরুণ পরিচালক।
গ্যালাট্টা প্লাস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেসন জানান, তিনি যদি ভবিষ্যতে কখনও বাবা থালাপতি বিজয়কে পরিচালনা করার সুযোগ পান, তবে তাকে কোনো মারকাটারি অ্যাকশন হিরো বানাবেন না। বরং বিজয়ের কমেডি এবং মজার দিকটিকেই বড় পর্দায় তুলে আনবেন।
জেসন সঞ্জয়ের ভাষায়, ‘বাবার কমেডি টাইমিং ও হিউমার দেখতে আমি ভীষণ পছন্দ করি। পর্দার বাইরে ঘরের ভেতরেও তার এই ব্যক্তিগত দিকটি দেখার সৌভাগ্য আমার হয়েছে। তার ভেতরের যে শিশুসুলভ স্বভাব রয়েছে, সেখান থেকেই এই রসবোধের জন্ম। কিন্তু আফসোস, গত কয়েক বছর ধরে বাবা পুরোপুরি কমিক বা সাধারণ মানুষের সাথে মেলে এমন চরিত্রে কাজ করা একেবারেই কমিয়ে দিয়েছেন। তাই সুযোগ পেলে আমি বাবার সেই মজার দিকটাই সিনেমাতে ফিরিয়ে আনব’।
শুধু বাবাই নন, জেসনের দাদু এস এ চন্দ্রশেখরও তামিল ইন্ডাস্ট্রির নামজাদা চলচ্চিত্র নির্মাতা।
দাদুর কাছ থেকে পাওয়া পরামর্শ নিয়ে জেসন বলেন, ‘দাদু আমাকে স্ক্রিপ্ট নিয়ে বড় বড় কথা বলেননি, তবে সেট কীভাবে সামলাতে হয় তা শিখিয়েছেন। তিনি বলেছেন—একজন পরিচালককে সেটে কখনো দ্বিধাগ্রস্ত হওয়া যাবে না, দল পরিচালনা করতে হবে নিখুঁত ও স্পষ্টতার সঙ্গে’।
সেই সঙ্গে বিজয়ের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি সততা দেখেই নিজেকে গড়ে তুলেছেন বলে জানান তিনি।
জেসন সঞ্জয়ের প্রথম সিনেমা ‘সিগমা’-তে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সুনদীপ কিষাণ। গল্পে তাকে দেখা যাবে এক গুপ্তধন শিকারি ও রেডিও হোস্টের ভূমিকায়, যে ৫০০ কোটি রুপির এক গ্যাংস্টারের সিন্ডিকেটের হাত থেকে নিজের হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে আনতে বন্ধুদের নিয়ে এক দুঃসাহসিক ডাকাতির ছক কষে।
ফারিয়া আবদুল্লাহ, সম্পদ রাজ অভিনীত এবং থমন এস-এর সুর করা থ্রিলার ধাঁচের এই ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।





