বিয়ের পর স্বামীকে ছাড়াই হানিমুনে গিয়েছিলেন অনিল কাপুরের স্ত্রী!

অনিল কাপুর ও সুনীতা কাপুর
বলিউডের চিরসবুজ অভিনেতা অনিল কাপুর। তার এবং তার স্ত্রী সুনীতা কাপুরের দাম্পত্য জীবন বিনোদন জগতের অন্যতম সেরা দৃষ্টান্ত। কয়েক দশক ধরে একসঙ্গে থাকলেও তাদের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে নিজের বিবাহিত জীবন নিয়ে চমকপ্রদ ও এক মজার তথ্য প্রকাশ করেছেন এই তারকা।
‘ইন্ডিয়াস টপ ১%’ রিয়্যালিটি শো সঞ্চালনার সময় অনিল কাপুর জানালেন, বিয়ের পর তাদের হানিমুনে তিনি নিজে যেতে পারেননি, বরং স্ত্রী সুনীতা একাই হানিমুন কাটাতে চলে গিয়েছিলেন।
স্মৃতিচারণ করে অনিল বললেন, ‘একাকী ভ্রমণ নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়ল, সুনীতা একাই হানিমুনে গিয়েছিল, আমি সঙ্গে যেতে পারিনি। তবে সুনীতাই আমার রানী, আর সে চিরকাল আমার কাছে রানী হয়েই থাকবে’।
শুধু হানিমুন নয়, বিয়ের আগের একটি মজার শর্তের কথাও প্রকাশ করেন এই অভিনেতা। বিয়ের আগে সুনীতা অনিলকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন—তিনি বিয়ের পর কখনোই রান্নাঘরে ঢুকবেন না।
অনিল বলেছেন, ‘সুনীতার শর্ত শুনে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে এতটাই সফল হতে হবে যাতে সুনীতাকে কখনোই রান্নাঘরে ঢুকতে না হয়। আমি সেই দায়িত্ব শতভাগ পালন করেছি, আর আজ পর্যন্ত সুনীতাকে রান্নাঘরে ঢুকতে হয়নি’।
১৯৮৪ সালে অত্যন্ত সাদামাটা আয়োজনে মাত্র ৩০ মিনিটের এক অনুষ্ঠানে অনিল ও সুনীতার বিয়ে সম্পন্ন হয়েছিল। তাদের ঘরে রয়েছে সোনম কাপুর, রিয়া কাপুর ও হর্ষবর্ধন কাপুরের মতো তিন সন্তান।
সর্বশেষ স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’-তে দেখা গেছে এই প্রবীণ অভিনেতাকে। খুব শিগগিরই তাকে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ এবং জুনিয়র এনটিআরের মেগা প্রজেক্ট ‘ড্রাগন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।




