বিবেক ওবেরয়ের আচরণে কেন কষ্ট পেয়েছিলেন কোরিওগ্রাফার বসকো?

বিবেক ওবেরয় ও বসকো মার্টিস
সময়টা ২০০২ সাল। পরাপর ব্লকবাস্টার হিট সিনেমা ‘কোম্পানি’ এবং ‘সাথিয়া’ দিয়ে বলিউডে পা রাখেন বিবেক ওবেরয়। অভিষেকের পরই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি। কিন্তু ক্যারিয়ারের সেই স্বর্ণালী সময়ে তার আচরণে মনে আঘাত পেয়েছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার বসকো মার্টিস।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বিবেক ওবেরয়কে সামনে বসিয়েই ক্যারিয়ারের শুরুর দিকের সেই পুরনো স্মৃতির কথা প্রকাশ্যে আনেন বসকো।
কথোপকথনে বসকো জানালেন, ‘কোম্পানি’ ও ‘সাথিয়া’র পরপরই তিনি বিবেককে একটি গানের প্রস্তাব দিয়ে ফোন করেছিলেন। জবাবে বিবেক বলেছিলেন, ‘হ্যাঁ, গান তো অবশ্যই করব। তবে তুমি ক্রিয়েটিভ আইডিয়াগুলো রেডি করে আমাকে আগে ব্রেকডাউন বা পুরো পরিকল্পনা দাও’।
বসকো জানালেন, বন্ধুত্বের খাতিরে ফোন করলেও বিবেকের এমন পেশাদার ও কিছুটা গম্ভীর্যপূর্ণ জবাবে তিনি বেশ আঘাত পেয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরেছিলেন এই কোরিওগ্রাফার।
বসকো জানালেন, ‘প্রথমে খারাপ লাগলেও পরে বুঝি বিবেক একদম ঠিক ছিল। একজন স্টার যে কঠোর পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছেছে, তার সামনে কাজ নিয়ে যেতে হলে কোরিওগ্রাফার হিসেবে আমাকেও পুরোপুরি প্রস্তুত হয়েই যাওয়া উচিত’।
বসকোর এই স্বীকারোক্তির জবাবে বিবেক ওবেরয় অত্যন্ত বাস্তববাদী এক বার্তা দেন। বিবেক বলেছেন, ‘কাজ তো কাজই। কাজকে কখনো বন্ধুত্ব বা আড্ডার সঙ্গে মেলানো উচিত নয়। পেশাদার জায়গায় কোনো কিছু হালকাভাবে নিলে ক্যারিয়ার বেশি দিন টিকে থাকে না’।
‘যুবা’, ‘মাস্তি’, ও ‘ওমকারা’-র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করা বিবেক ওবেরয়কে পরে নীতিশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
সিনেমাটিতে রণবীর কাপুর, যশ, সাই পল্লবী ও সানি দেওলের মতো তারকারা অভিনয় করছেন, যা চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।




