নতুন কর্মসংস্থান হবে সাড়ে ২৬ লাখ
- মহেশখালীতে জ্বালানি ও অর্থনৈতিক হাব

সংগৃহীত ছবি
মহেশখালীতে জ্বালানি ও অর্থনৈতিক হাব তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হলে সাড়ে ২৬ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে প্রত্যক্ষ ১ লাখ ৫০ হাজার এবং পরোক্ষ ২৫ লাখ। সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। হাব তৈরিতে গুরুত্ব পাচ্ছে ৯ মেগা প্রকল্প। এগুলো হলো, আগামী ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং। এ ছাড়া ২০২৯ সালে বাস্তবায়ন হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংযোগ সড়ক; কাজ চলছে সিপিজিসিবিএলের বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণ, সৌরবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল, এলপিজি স্টোরেজ ও স্থলভিত্তিক এলপিজি টার্মিনাল নির্মাণ, ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণ ও ফিশারিজ হারবার স্থাপন প্রকল্প।
এসব প্রকল্প বাস্তবায়নের পর ২০৪০ সালের মধ্যে এ এলাকা থেকে ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। বিদেশি বিনিয়োগ আসবে ৬০-৬৫ বিলিয়ন ডলার এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) যোগ হবে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত ৪ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মহেশখালীকে জ্বালানি ও অর্থনৈতিক হাব গড়তে বিদ্যমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণী সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভায় মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সারোয়ার আলম বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জানালেন, ২০৫৫ সালের মধ্যে তিন ধাপে এ অঞ্চলকে জ্বালানি ও অর্থনৈতিক হাবে পরিণত করা হবে। এর আওতায় গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিক হাব, যোগাযোগ ও রেল নেটওয়ার্ক, বিদ্যুৎ ও জ্বালানি হাব, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ভারীশিল্প এবং ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতি কাজে লাগাতে মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হবে। এ উদ্যোগে ৪ বিলিয়ন ডলার সমপরিমাণ লজিস্টিকস ব্যয় কমবে এবং লিড টাইম সাশ্রয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এ ছাড়া শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাবে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম বৈচিত্র্যায়নে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে (বিওপি) ১৬-১৮ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানালেন, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ সিসিজিপি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে; দ্রুত অনুমোদন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিনিধি জানিয়েছেন, মিডার আওতাধীন প্রায় ৫১ একর জমিতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে বছরে প্রায় ২০ লাখ টন এলপিজি হ্যান্ডলিং সক্ষমতা সৃষ্টি হবে।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সভায় জানালেন, ৭০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প প্রস্তাব পিইসি সভার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়ন সম্পর্কে ইআরডি থেকে নিশ্চয়তা মিলেছে। তিনি আরও জানিয়েছেন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) জাইকা অর্থায়নে এরই মধ্যে ১২০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি প্ল্যান্ট চালু রয়েছে। এ ছাড়া ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সিপিজিসিবিএলের তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে। মিডার সদস্য জানিয়েছেন, সংস্থার নির্বাহী চেয়ারম্যান এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক সভা করেছেন।
জোনায়েদ সাকি বলেছেন, ৮ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) থেকে অপরিশোধিত জ্বালানি ইস্টার্ন রিফাইনারিতে পাঠিয়ে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য অর্জনে এটি দ্রুত চালু করতে হবে। বিপিসির প্রতিনিধি আশ্বস্ত করে বললেন, সমাপ্ত প্রকল্পটিতে অপারেটর নিয়োগ করে ডিসেম্বরে চালু করা সম্ভব হবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক জানিয়েছেন, ফেজ-১-এর আওতায় ব্রেকওয়াটার, প্রবেশ চ্যানেল, বেসিন ও কনটেইনার টার্মিনাল নির্মাণকাজ চলমান। সওজ অংশে পোর্ট এক্সেস রোডের আওতায় এন-১ হাইওয়ের সঙ্গে বন্দরের সংযোগ স্থাপনে ২৭ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে।



