বাহুবলে পিকআপচাপায় প্রাণ গেল পথচারীর
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির পিকআপভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম মোহাম্মদ মানিক মিয়া (৪০)। তিনি উপজেলার বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান। পিকআপটি শনাক্ত করে জব্দ করার চেষ্টা চলছে।




