খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে সামনে রেখে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। তবে সেই দেয়ালচিত্রের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।
আজ শুক্রবার সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে আঁকা হয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব ছবির মধ্যে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। তবে শুক্রবার দুপুরে স্থানীয়রা দেখতে পান, কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।
মুক্তচিন্তা, শিল্পকলা এবং বাঙালি সংস্কৃতির প্রধানতম স্তম্ভের ওপর এমন হীন ও বিদ্বেষমূলক আক্রমণে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেছেন খুলনার সাংস্কৃতিককর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ নাগরিক।
তাদের মতে, রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এটি করা হোক না কেন- ‘সর্বজনশ্রদ্ধেয় কবিকে এভাবে অপমান করা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয় অপরাধ।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকেও এ নিয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরাধীদের শনাক্তকরণে অনুসন্ধানী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।




