কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় এক বাইকার নিহত, আরেক আরোহী আহত হয়েছেন। সংগৃহীত ছবি
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত যুবকের নাম আল আমিন (২৮)। তিনি উপজেলার নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানিয়েছেন, ভোলাগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আমিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ওসি জানিয়েছেন, মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।






