উইন্ডিজের বিপক্ষে টেস্ট মিরপুর ও সিলেটে

টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সিরিজ খেলতে ১৮ অক্টোবর বাংলাদেশে আসছে উইন্ডিজ। সিরিজে দুই টেস্ট খেলবে তারা। মিরপুর ও সিলেটে ম্যাচ দুটি হবে। এর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি তিনদিনের ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর থেকে। ৫ নভেম্বর থেকে সিলেটে হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ‘এ’ অথবা এইচপি দলের সঙ্গে ২২-২৪ অক্টোবর তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। ৬ ম্যাচে তিন জয়, ২টি ড্র ও ২টি হারে ৪০ পয়েন্ট অর্জন করেছে তারা। পারফরম্যান্সের শতাংশ ৫৫.৫৬ ভাগ। এই পরিসংখ্যান এগিয়ে নিতে উইন্ডিজ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এ সিরিজের ২ ম্যাচ জিতলে পারফরম্যান্স শতাংশ ও পয়েন্ট দুই-ই বেড়ে যাবে নাজমুল হোসেন শান্তদের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পথে যা বিশাল বড় পদক্ষেপ হবে বাংলাদেশের জন্য।
এই সিরিজের আগে ত্রিদেশীয় সিরিজ আছে। তারও আগে আফগানিস্তানের সঙ্গে ৯-১৩ অক্টোবর একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমস শেষে অক্টোবরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে আরব আমিরাত যাবে দল।
সেখানে একমাত্র টেস্ট শেষে জিম্বাবুয়ে ও স্বাগতিক আফগানদের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের সঙ্গে, ২১ অক্টোবর আফগানিস্তানের সঙ্গে দুটি ওয়ানডে। সিরিজের ফাইনালে উঠলে ২৩ অক্টোবর আরও একটি ম্যাচ পাবে বাংলাদেশ।





