আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

সংগৃহীত ছবি
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার পর ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের একটি আনন্দ মিছিলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠন দুটির নেতাকর্মীরা। আহত অবস্থায় তাঁদের পুলিশ নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার বলেন, ‘আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।’
হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাদের আওয়ামী লীগ প্রতিপন্ন করতে চায়। এখন আমরা অফিসের ভেতরে আছি। আমাদের অফিসের ভেতরে আমিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা আছেন। এ ছাড়া আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও আটকা আছেন।’
কার্যালয়ের ভেতরে আটকে থাকা নেতাকর্মীদের অভিযোগ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে মুক্তি দেওয়ার পর পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলের পরবর্তী সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হামলা চালান। পরে সিপিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন এবং কার্যালয়ে হামলা চালান।
সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী রাত ১১টা ১০ মিনিটে বলেন, ‘হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি। একটা মব পার্টি অফিসে আসে, তারা হামলা চালায়। এখন পর্যন্ত এতটুকুই জানি।’
তবে পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়। পরে তাকে ছাড়িয়ে এনে গলায় ফুলের মালা পরিয়ে সিপিবি কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। তবে কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলেও জানান ওসি।
এর আগে সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেন সংস্কৃতিকর্মীরা। কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হলেও পুলিশের বাধায় তারা মানববন্ধন করতে পারেননি। সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাকে ফুলের মালা পরিয়ে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা পল্টনে আনন্দ মিছিল করেন।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় সিপিবির কার্যালয়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয় অবস্থিত।




