রাশেদ খাঁন
ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

রাশেদ খাঁন
ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বারিধারার একটি বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এটিএম মাছুমসহ মোট তিনজন অংশ নেন বলে তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক। গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এ বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এটিএম মাছুমসহ মোট তিনজন অংশগ্রহণ করেন।’
এ ধরনের বৈঠকে অংশ নেওয়ার কারণ ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেছেন, ‘যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কি কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা, আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।’
পোস্টে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান রাশেদ খাঁন।
তিনি বলেছেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’
পরে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মাছুমের গোপন বৈঠকের তথ্যটি শতভাগ সত্য।’





