টঙ্গীতে শিশুকে নিপীড়ন
বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

শাহজালাল রুমির বাড়ির সামনে থেকে তোলা। ছবি: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে থাপ্পড় মেরে আলোচনায় আসা শাহজালাল রুমির দেশ ছাড়ার খবর জানিয়ে আগামীর সময় অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরপরই সবার প্রশ্ন- রুমি এখন কোথায়?
টঙ্গীর আউচপাড়া এলাকার যে বাসায় রুমির পরিবারের সদস্যরা থাকতেন, সেটি এখন তালাবদ্ধ। বাড়ির তত্ত্বাবধায়কের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির পরিবার গত শুক্রবার থেকেই বাসাটি ছেড়ে চলে গেছে। তবে শাহজালাল রুমি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকালে টঙ্গীর আউচপাড়া এলাকার শফিউদ্দিন একাডেমি রোডের অভিযান ১৩০ নম্বর বাড়ির ৭৪/১ হোল্ডিংয়ের ৬/বি নম্বর ফ্ল্যাটে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, শিশুটির পরিবার শুক্রবার থেকেই বাসাটি ছেড়ে চলে গেছে। তারা ওই বাড়ির ৬/বি নম্বর ফ্ল্যাটে থাকতেন। শাহজালাল রুমি মাঝেমধ্যে সেখানে আসতেন। রুমি তার দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে তার কোনো তথ্য জানা নেই।
এ বিষয়ে শাহজালাল রুমির শ্বশুর আলহাজ মোকারম আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, রুমি দেশে আছেন নাকি বিদেশে, তা তিনি জানেন না। তারাও বর্তমানে ওই বাসা ছেড়ে অন্যত্র আছেন।
এর আগে সোমবার রাত ৮টার দিকে আগামীর সময়ের প্রতিবেদককে পাঠানো এক খুদে বার্তায় শাহজালাল রুমি জানিয়েছিলেন, তিনি আর দেশে নেই। বার্তায় তিনি লিখেছেন, আপনারা ভালো থাকেন। তবে তিনি কখন এবং কীভাবে দেশ ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে থাপ্পড় ও মারধর করেন। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। পরে মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
পাল্টা মামলা হওয়ার পর থেকে শাহজালাল রুমির অবস্থান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। সোমবার তার পাঠানো খুদে বার্তায় দেশ ছেড়ে যাওয়ার কথা জানানোর পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তার বর্তমান অবস্থান এবং দেশত্যাগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।




