চকরিয়ায় কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

নিহত তাহিয়াতুল জন্নাত তানহা
কক্সবাজারের চকরিয়ায় কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা জামাল সওদাগর স্টেশনে।
নিহত মাদ্রাসাছাত্রীর নাম তাহিয়াতুল জন্নাত তানহা। ১১ বছরের তানহা চকরিয়া পৌরসভার দক্ষিণ করিয়াঘোনা গ্রামের হামিদ আলী পাড়ার মৌলানা জাফর আলম হামেদীর মেয়ে। জাফর আলম চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তানহা চকরিয়া উম্মাহাতুল মোমেনীন মহিলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ সকালে মাদ্রাসায় কোচিং করতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি থেকে বের হয় তানহা। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর থামানো হলে সিট থেকে ছিটকে সড়কে পড়ে যায় তানহা। এসময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মগবাজার-করিয়াঘোনা-কাহারিয়াঘোনা থেকে মগখাল পর্যন্ত সড়কের একটি অংশে আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। চকরিয়া পৌরসভা কর্তৃপক্ষের ওই নির্মাণকাজের জন্য ট্রাকটি সিমেন্ট নিয়ে যাচ্ছিল।
চকরিয়া পৌরসভার করিয়াঘোনার বাসিন্দা আব্দুল আলীম অভিযোগ করেছেন, সড়কের নির্মাণকাজের মালামাল পরিবহনের ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য, এখন একজন শিক্ষার্থীর প্রাণ গেল। স্থানীয়রা ট্রাকের চালক ও মালিকের বিচার দাবি করছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







