ঝোপে মিলল বিদেশি রাইফেল ও বিপুল ইয়াবা

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে ঝোপে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছে ম্যাগাজিনসহ একটি বিদেশি রাইফেল, গুলি ও বিপুল ইয়াবা। সোমবার (১১ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বলা হয়েছে, গোপন তথ্যে সোমবার রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার লেদা খালের পাশের এলাকায় অভিযানে যায় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন। সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নজরে আসে তাদের। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পরে তল্লাশি চালিয়ে ঝোপে লুকিয়ে রাখা একটি বিদেশি রাইফেল (এমএ-১), একটি ম্যাগাজিন, পাঁচটি তাজা গুলি ও ৭০ হাজারটি ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে আছে, অস্ত্র ও মাদক পাচারে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ অস্ত্র ও মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




