র্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার ১২ শিক্ষার্থী। ছবি: আগামীর সময়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম আবর্তনের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।
গত ৩ জুলাই দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম আবর্তনের ১৩ জন নবীন শিক্ষার্থীকে ‘ম্যানার’ শেখানোর কথা বলে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ৫৪তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। পরে ভুক্তভোগীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত শিক্ষার্থীরাও লিখিতভাবে র্যাগিংয়ের বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারায় বর্ণিত, ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় টিজ, র্যাগিং, নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না’ বিধান লঙ্ঘনের অভিযোগে এবং অধ্যাদেশের ৪(১)(খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো. আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাঈম আহমেদ সজিব।




