বোয়ালমারী
মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

মেয়ের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেন জুলেখা বেগম। ছবি: আগামীর সময়
ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন এক মা। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। দুধ দিয়ে গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই মায়ের নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে একই উপজেলার সুমন শেখের (৩২) প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়।
মনিরা খাতুন অভিযোগ করেছেন, তার স্বামী নেশা করে প্রায়ই তাকে মারধর করতেন। এ কারণে তার পক্ষে আর সংসার করা সম্ভব হয়নি।
ভিডিওর সত্যতা নিশ্চিত করে মনিরা বেগমের মা জুলেখা বেগম জানিয়েছেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর নির্যাতন শুরু হয়। সুমন নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে প্রায়ই মারধর করতেন। কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে সুমনের কাছ থেকে ছাড়িয়ে আনেন তিনি। এরপর নিজের দেওয়া ওয়াদা অনুযায়ী শুক্রবার সকালে চৌরাস্তা বাজারে ৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।
এ বিষয়ে সুমন শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।



