খুলনায় আগুনে পুড়ল ছয় দোকান, সাড়ে ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

খুলনার দাকোপে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে রাত আটটার দিকের ঘটনা এটি। স্থানীয় বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পানি ও বালি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলেও এক সারিতে থাকা ছয়টি দোকানঘর পুরোপুরি পুড়ে যায়। আরেকটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ছয়টি দোকানঘরের মালিকরা হলেন- কালিপদ রায়ের ছেলে মহাদেব রায় (পোলট্রি মুরগির দোকান), সহদেব রায়ের ছেলে যজ্ঞেশ্বর রায় (হোমিও ওষুধের দোকান), দিলীপ মণ্ডলের ছেলে জগদীশ মণ্ডল (চায়ের দোকান), সুরেন্দ্রনাথ রায়ের ছেলে গুরুপদ রায় (প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রীর দোকান) এবং সহদেব মণ্ডলের দুই ছেলে মুকুন্দ মণ্ডল ও সুজিত মণ্ডল। তাদের দুজনেরই নিজস্ব দোকানঘর ছিল। এ ছাড়া খলিল সানার ছেলে মহসিন সানার লেদ ও পাওয়ার টিলারের মালামালের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সানা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছয়টি দোকানঘরের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। আরেকটি দোকানঘরের কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন জানান, উপজেলা বিএনপির নেতারা কালিনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আগামীকাল দুপুরে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করব।




