গভীর সমুদ্র থেকে ফিশিং বোটসহ ১৩ জেলে উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানালেন, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। মাছ আহরণ শেষে গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার সময় সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বললেন, ‘জরুরি বার্তা পাওয়ার পর গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে যায়। পরে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।



