আগামীর সময়

‘গণপিটুনিতে নিহতকে’ জুলাই শহীদের তালিকায় রাখার চেষ্টা

‘গণপিটুনিতে নিহতকে’ জুলাই শহীদের তালিকায় রাখার চেষ্টা

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গণপিটুনিতে নিহত হয় সুজন। তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আহত যোদ্ধা ইউছুফ আলম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফারভেজ, আহত আব্দুল মতিন ও হাবিবুর রহমান ফাহিম।

এছাড়াও শহীদ কাওছার হোসেন বিজয়ের পরিবার, শহীদ আফনানের মা নাছিমা বেগম, শহীদ সাব্বির হোসেনের বাবা, শহীদ ওসমান পাটওয়ারীর মাসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ত্রাসী টিপুর সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন সুজন। পরে জনতার গণপিটুনিতে তিনি মারা যান। এছাড়া পতিত স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টেও সুজনকে ছাত্রলীগ নেতা দাবি করা হয়।

ঘটনার পর তার লাশ দীর্ঘ ১০ দিন হাসপাতালে পড়েছিল। তখন নেওয়ার মতো কেউ ছিল না। এখন একটি কুচক্রী মহল তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। হামলায় জড়িত কাউকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা প্রকৃত শহীদদের প্রতি অবমাননার শামিল হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা।

    শেয়ার করুন: