বাবুগঞ্জে বাসচাপায় মাদ্রাসার মৌলভী নিহত, মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

বাসচাপায় মাদ্রাসার এক সহকারী মৌলভী নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ। ছবি: আগামীর সময়
বরিশালের বাবুগঞ্জে বাসচাপায় মাদ্রাসার এক সহকারী মৌলভী (ক্বারীয়া) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাকুদিয়া এলাকায়।
দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতের নাম রেহানা বেগম (৪৫)। তিনি উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী (ক্বারীয়া)। তিনি একই মাদ্রাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে রেহানা বেগম শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির আহনাফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে যান। রেহানা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তারা। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
রেহানা বেগমের মৃত্যুর খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসে মহাসড়কে। তারা বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে সড়ক অবরোধ করে। হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। স্বাভাবিক হয় সড়ক। এসব জানান ওসি মিজানুর রহমান।




