মশার কামড় থেকে বাঁচতে বছরে খরচ ৩ হাজার কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়
ছোট্ট একটা পতঙ্গ— নাম তার মশা। ভাবুন, এর কামড় থেকে বাঁচতে দেশের মানুষের প্রতি বছর খরচ ৩ হাজার কোটি টাকা! মশার কামড় থেকে রক্ষা পেতে কয়েল, মশারি, অ্যারোসল, ইলেকট্রিক ব্যাট, ভ্যাপোরাইজার, ক্রিম কেনা ও চিকিৎসায় এ টাকা খরচ হয়। এরপরও মশার কামড় থেকে রেহাই মিলছে না। চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫২৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, মশা মারতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে সাধারণ মানুষের পকেট থেকে খরচ হচ্ছে বিশাল অঙ্কের টাকা। বিপরীতে রাসায়নিক দিয়ে তৈরি পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতায় তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকিও। মশা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সফল দেশগুলোর কার্যক্রম অনুসরণ করার পরামর্শ তাদের।
দেশে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাসায়নিক আমদানি হয়, যা দেশের কৃষিতে বালাইনাশক ও মশা প্রতিরোধে তৈরি পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। এর মধ্যে দেশে তৈরি কয়েলের বার্ষিক বাজার প্রায় ১ হাজার ৬০০ কোটি, অ্যারোসল, ভ্যাপোরাইজার ও মশার কামড় থেকে রক্ষার ক্রিমের বাজার ৪০০ কোটি টাকা, মশারির বাজার ২০০ কোটি ও মশার ব্যাটের বাজার ৬১ কোটি টাকা। এর বাইরে
চিকিৎসা ব্যয়ে মানুষের খরচ হয় প্রায় ৭০০ কোটি টাকা। অর্থাৎ বছরে মানুষের পকেট থেকে খরচ হচ্ছে ২ হাজার ৯৬১ কোটি টাকা। বিপরীতে দেশের ১২ সিটি করপোরেশন গত অর্থবছরে (২০২৫-২৬) মশা নিধনে ব্যয় করেছে ১৩৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ঢাকার দুই সিটির প্রায় ১২০ কোটি টাকা। প্রায় ১৯ কোটি টাকা ব্যয় করেছে বাকি ১০ সিটি করপোরেশন। এ খাতে চলতি বছর সিটি করপোরেশনগুলোর বরাদ্দ রাখা হয়েছে ২৩৭ কোটি টাকা।
সিটি করপোরেশনগুলোর বাজেট, দেশীয় ও বহুজাতিক কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালাইনাশক নিবন্ধন তালিকা, ব্যবসায়ী সমিতির হিসাব, চট্টগ্রাম কাস্টম হাউজ ও জাতিসংঘের বাণিজ্য পরিসংখ্যান (ইউএন কমট্রেড) এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র বিশ্লেষণ করে ছোট্ট অথচ মারাত্মক ক্ষতিকর কীট মশার পেছনে বিপুল অঙ্কের টাকা খরচের এ হিসাব পাওয়া গেছে।
কয়েলের বাজারেই যাচ্ছে দেড় হাজার কোটি টাকা
চট্টগ্রামের বাঁশখালীর গৃহিণী মুন্নি আক্তার জানিয়েছেন, সন্তান ও নিজে মশার কামড় থেকে বাঁচতে প্রতিদিন একটি করে কয়েল ব্যবহার করেন। গরমকালে মশারি ব্যবহার করলে ফ্যানের বাতাস গায়ে লাগে না। তাই এ সময় পুরোপুরি কয়েলের ওপর নির্ভর থাকতে হয়। শীতকালে মশারি ব্যবহার করে তার পরিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের গবেষণা বলছে, গ্রাম এলাকার ৫১ শতাংশ মানুষ নিয়মিত কয়েল ব্যবহার করেন। অলসতার কারণে তারা মশারি টানান না। সহজে পাওয়া যায় এবং সস্তা হওয়ার কারণে কয়েল তাদের কাছে জনপ্রিয়। বাংলাদেশ মসকুইটো কয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান বললেন, ‘কয়েলের বার্ষিক বাজার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা।’
কয়েলের পর বড় বাজার রয়েছে লিকুইড ভ্যাপোরাইজার, অ্যারোসল ও ক্রিমের। ভারতের গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড’ বছরে ১৯১ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি বা প্রায় ২৪৮ কোটি ৫৭ লাখ টাকার ব্যবসা করেছে। কোম্পানিটির আয়ের মূল উৎস ছিল ‘গুডনাইট’ লিকুইড ভ্যাপোরাইজারসহ গৃহস্থালি কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পণ্য।
অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশনস পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী, তারা বছরে প্রায় ৮০ কোটি টাকার অ্যারোসল বিক্রি করেছে। এ ছাড়া বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ও ব্র্যাক ইপিএলের বিশ্লেষণ অনুযায়ী, কোম্পানিটির ৫২৪ কোটি টাকা আয় হয় ‘হাউজহোল্ড অ্যান্ড টয়লেট্রিজ’ খাত থেকে। এর মধ্যে মশা নিরোধক ব্র্যান্ড ‘মরটিন’-এর কয়েল, অ্যারোসল ও ভ্যাপোরাইজার রয়েছে। এর বাইরে স্কয়ার টয়লেট্রিজের ‘এক্সপেল’ অ্যারোসলেরও বড় বাজার রয়েছে। এ খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে অ্যারোসল ও লিকুইড ভ্যাপোরাইজারের বার্ষিক বাজার ৪০০ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে পাওয়া সারা দেশের আমদানি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৮ লাখ ৭০ হাজার ৩৪৯টি ইলেকট্রিক মশার ব্যাট আমদানি হয়েছে। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৪ নভেম্বর পর্যন্ত আমদানি হয়েছে আরও ৩ লাখ ৩৪ হাজার ৬৮৯টি ব্যাট। চট্টগ্রাম নগরের আশকারদীঘিরপাড়ের আরএফএল বেস্ট বাইয়ের বিক্রয়কর্মী হৃদয় কর্মকার জানালেন, তাদের নিজস্ব ব্র্যান্ডের ব্যাটের দাম ৬৩০ এবং চীন থেকে আনা ব্যাটের দাম ১ হাজার ২০ টাকা। খুচরা বাজারের গড় দাম ৭০০ টাকা হিসাবে শুধু আমদানি করা ব্যাটের বার্ষিক বাজারমূল্য প্রায় ৬১ কোটি টাকা। এর বাইরে যন্ত্রাংশ এনে দেশে সংযোজিত ব্যাটেরও আলাদা বাজার রয়েছে।
এর বাইরে দেশে বছরে মশারি বিক্রি হয় প্রায় ২০০ কোটি টাকার। দেশের অধিকাংশ মশারির কারখানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এখানকার অনিক কম্পোজিট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান জানিয়েছেন, দেশে বছরে প্রায় ৮০০ কোটি টাকার মশারি তৈরি হয়। চার ভাগের তিন ভাগই রপ্তানি হয়। বাকি এক ভাগ দেশের বাজারে বিক্রি হয়।
কয়েলের ৮০ শতাংশ বাজার ব্র্যান্ডহীন ও অবৈধ কারখানার দখলে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবন্ধন তালিকা অনুযায়ী, দেশে নিবন্ধিত ৬ হাজার ৮৭৫টি বালাইনাশকের মধ্যে জনস্বাস্থ্য খাতের (পিএইচপি) নিবন্ধিত পণ্য আছে ৮১৭। এর মধ্যে মশার কয়েল, অ্যারোসল, লিকুইড ভ্যাপোরাইজার, লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড রয়েছে। তবে কয়েল প্রস্তুতকারক সমিতির সদস্য সংখ্যা ১ হাজার ৭০০ হলেও জনস্বাস্থ্য খাতের মোট নিবন্ধিত পণ্যের সংখ্যা তার অর্ধেকেরও কম। আবার বিএসটিআই লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে মাত্র ২২৪টি। সদস্যভুক্ত বড় একটি অংশই লাইসেন্স ছাড়া কয়েল উৎপাদন করছে।
মশার প্রকোপের কারণে দিন দিন রাসায়নিক দিয়ে তৈরি এসব পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে ভুক্তভোগী মানুষ। এসব পণ্য ব্যবহার করতে গিয়ে তৈরি হচ্ছে নানা স্বাস্থ্যঝুঁকি। এর মধ্যে মানহীন কয়েল ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে বেশি। এসিআই তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘বর্তমানে বাজারের ৮০ শতাংশই ব্র্যান্ডহীন স্থানীয় কয়েলগুলোর দখলে চলে গেছে। এর ফলে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো বাধ্য হয়ে বাজার থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের গবেষণায় দেখা গেছে, কয়েল ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে মানুষ বেশ কিছু সমস্যায় ভোগেন। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, অ্যালার্জি, অ্যাজমা, হাঁচি ও মাথাব্যথা। গবেষকরা বলেছেন, দীর্ঘদিন কয়েল ব্যবহারের ফলে শ্বাসতন্ত্রের নানা রোগ, কার্ডিওভাসকুলার রোগ ও ফুসফুসের ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকি তৈরির আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক (সিএম) মো. আলাউদ্দিন হুসাইন বলেছেন, ‘লাইসেন্স ছাড়া কয়েল উৎপাদনের সুযোগ নেই। যারা উৎপাদন করছে তারা অবৈধ। কারখানাগুলোতে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে।’
ডেঙ্গুর চিকিৎসায় ১১ মাসে ব্যয় প্রায় ৭০০ কোটি টাকা
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যৌথ গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি একজন ডেঙ্গু রোগীর চিকিৎসায় পরিবারের পকেট থেকে সরাসরি ব্যয় হয় গড়ে ৩১৬ দশমিক ৫১ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে যা ৩৯ হাজার ৪৮৫ টাকা। এর মধ্যে সরকারি হাসপাতালে গড়ে ২৪ হাজার ২৫৫ এবং বেসরকারি হাসপাতালে ৫৭ হাজার ৩৪৫ টাকা ব্যয় হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১১ মাসেই শুধু হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের পরিবারকে সরাসরি গুনতে হয়েছে প্রায় ৬৯৫ কোটি টাকা।
‘ইকোনমিক বার্ডেন অব ডেঙ্গু ইন আরবান বাংলাদেশ: আ সোসাইটাল পার্সপেকটিভ’ শীর্ষক এ গবেষণা আন্তর্জাতিক জার্নাল প্লস নেগলেকটেড ট্রপিক্যাল ডিজিজেসে প্রকাশিত হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হলে একটি পরিবারের চিকিৎসায় খরচ হয় মাসিক আয়ের ৫৬ শতাংশ। তবে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ খরচ তাদের মাসিক আয়ের ১৩৯ শতাংশ ছাড়িয়ে যায়। চিকিৎসার এ বাড়তি খরচ মেটাতে ৪৮ শতাংশ পরিবারকে ধারদেনা করতে হয় এবং প্রায় ৪২ শতাংশ পরিবারকে সঞ্চয় ভাঙতে হয়।
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সফল দেশগুলো কী করছে
মশা নিয়ন্ত্রণে সফল দেশগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুর, ব্রাজিল, চীন, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। তারা শুধু কীটনাশক ছিটায়নি; এর বদলে জৈবপ্রযুক্তি, নজরদারি ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পথ বেছে নিয়েছে। সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থা (এনইএ) ওলবাকিয়া ব্যাকটেরিয়াযুক্ত বন্ধ্যা পুরুষ এডিস মশা অবমুক্ত ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি ৭২ শতাংশ কমিয়েছে। একই জৈবপদ্ধতি প্রয়োগ করে ব্রাজিলও সফলতা পেয়েছে। দেশটির বেলো হরিজন্তে শহরে এ পদ্ধতির প্রয়োগ করে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়া সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে। ১৩টি মন্ত্রণালয়ের সমন্বয়ে সময়সীমাভিত্তিক ‘১-৩-৭ ফর্মুলা’ চালু করে চীন এবং প্রতিটি জেলায় কীটতত্ত্ববিদ নিয়োগ ও বন্দরে যাত্রী স্ক্রিনিংয়ের মাধ্যমে শ্রীলঙ্কা ম্যালেরিয়া নির্মূল করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সনদ পেয়েছে। আর মালয়েশিয়ায় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে ‘কমবি’ মডেল বাস্তবায়নের ফলে এডিস লার্ভার সূচক ৫ থেকে শূন্য দশমিক ৯৬-এ নেমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল ভেক্টর কন্ট্রোল রেসপন্স’ প্রতিবেদনেও কীটনাশকনির্ভরতা কমিয়ে একাধিক দপ্তরের সমন্বয়, নজরদারি ও নাগরিক অংশগ্রহণের কথা বলা হয়েছে।
জনস্বাস্থ্য কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেছেন, ‘শুধু রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করে সফলতা আসছে না। তা নানা তথ্য-উপাত্তে প্রমাণিত হয়েছে। মশা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে হলে এডিস ও কিউলেক্স মশার জন্য আলাদাভাবে বিজ্ঞানভিত্তিক সমন্বিত উদ্যোগ নিতে হবে। নয়তো কোনোভাবে সফলতা আসবে না।’
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম মাহি বলেছেন, ‘দৈবচয়ন ভিত্তিতে রাসায়নিক প্রয়োগ না করে হটস্পট চিহ্নিত করে সেখানে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর বাইরে মশা নিধনের বায়োটেকনোলজি বিটিআই ব্যবহার করা হচ্ছে।’



