বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর

কবরের জন্য দোকান থেকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে বাঁশ
মৃত্যুর পর শেষ বিদায়ের আয়োজনেও প্রয়োজন হয় নানা উপকরণের। স্বজন হারানোর শোকে যখন একটি পরিবার দিশাহারা, তখন সেই পরিবারের পাশে দাঁড়ান মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দুই বাঁশ ব্যবসায়ী। কেউ মারা যাওয়ার খবর পেলেই মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় বাঁশ বিনামূল্যে সরবরাহ করেন উপজেলার বেতকা এলাকার বাঁশ ব্যবসায়ী আব্দুল কাদের শিকদার (৬০) ও তার ব্যবসায়িক অংশীদার সেলিম খাঁ (৪৮)। দাম না নিয়ে টানা ৩৩ বছর ধরে মানবিক তাগিদ থেকে এ কাজ করে আসছেন তারা। ব্যবসার পাশাপাশি মানুষের শেষ বিদায়ের এই আয়োজনকে নিয়েছেন সামাজিক দায়িত্ব হিসেবে।
বেতকা এলাকার ইছামতীর তীরের বাঁশের আড়তে গিয়ে জানা যায়, সেখানকার দোকানগুলো থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকার ক্রেতারা বাঁশ কিনে নিয়ে যান। তবে আড়তের কাদের শিকদার ও সেলিম খাঁর দোকানের কিছু বাঁশের গন্তব্য আলাদা। সেগুলো বিক্রির জন্য নয়, মানুষের শেষ বিদায়ের প্রয়োজনে। স্থানীয় কারও মৃত্যুর খবর এলে যেন কবরের বাঁশ বিনামূল্যে দিতে পারেন, সেজন্য নিজেদের দোকানে কবরের মাপ অনুযায়ী বাঁশ কেটে প্রস্তুত রাখেন তারা।
আব্দুল কাদের শিকদার বললেন, ‘মানুষ মারা গেলে তার স্বজনরা এমনিতেই শোকে ভেঙে পড়েন। সেই সময়ে দাফনের বাঁশের জন্য তাদের যেন কোনো দুশ্চিন্তা করতে না হয়, সে চিন্তা থেকেই আমরা এই কাজ করি।’ তিনি যোগ করেন, ‘আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন। মানুষের বিপদের সময় সেই সামর্থ্য কাজে লাগাতে পারলে ভালো লাগে। এজন্য কারও কাছ থেকে কবরের বাঁশের কোনো টাকা নিই না।’
ওই আড়তের কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারি সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় কবরের বাঁশ সরবরাহ করেন এই দুই ব্যবসায়ী।
আশপাশের এলাকার কবরের জন্য বাঁশ পাঠানো হয় দোকানের কর্মচারীদের মাধ্যমে। আর দূরবর্তী এলাকা থেকে গিয়ে কেউ কবরের বাঁশের চাহিদা জানালে বিনামূল্যে তা সরবরাহ করা হয়।
সেলিম খাঁ বলছিলেন, ‘আমরা প্রায় ৩৩ বছর ধরে এ কাজ করছি। মানুষের মৃত্যুর খবর পেলে চেষ্টা করি যত দ্রুত সম্ভব বাঁশ পৌঁছে দিতে। ধনী-গরিব ভেদাভেদ নেই, মানুষের শেষ বিদায়ের কাজে পাশে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকে টাকা দিতে চাইলেও আমরা নিই না।’
সেলিম খাঁ বেতকা গ্রামে বসবাস করেন। আর কাদের শিকদারের বাড়ি পার্শ্ববর্তী আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়ায়।
বেতকা এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন জানিয়েছেন, এলাকায় কারও মৃত্যু হলে কবরের বাঁশ নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে চিন্তা করতে হয় না। কাদের ও সেলিমের কাছে খবর পৌঁছালেই তারা বাঁশের ব্যবস্থা করেন। দীর্ঘদিন ধরে তারা নিঃস্বার্থভাবে এ কাজ করে আসছেন।
আব্দুল কাদের শিকদার ও সেলিম খাঁর ধারণা, তারা গত ৩৩ বছরে কমবেশি ১০ হাজার মরদেহ দাফনে বাঁশ দিয়ে সহযোগিতা করেছেন।
বেতকা বাজার কমিটির সাধারণ সম্পাদক রব খান আগামীর সময়কে বলেছেন, ‘আব্দুল কাদের শিকদার ও সেলিম খাঁ বহু বছর ধরে এখানে ব্যবসা করেন। তারা কবরের বাঁশ সরবরাহ করেন বিনামূল্যে। আমাদের বাজারের দুজন ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি মানুষের জন্য কাজ করছেন, এটা আমাদেরও ভালো লাগে।’
আব্দুল কাদের শিকদার বলছিলেন, ‘ব্যবসার লাভ-লোকসানের হিসাব থাকলেও মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সেই হিসাবের বাইরে থাকতে চাই। হয়তো এ কাজ খুব বড় কিছু নয়, তবে তা সারাজীবন করে যেতে চাই।’



