মিসরে শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
মিসরের আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া ও পোর্ট সাঈদে পৃথক পুলিশি অভিযানে অন্তত শতাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে। এসব ঘটনায় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনিয়মিত পথে মিসরে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।
আটক ব্যক্তিদের মধ্যে ইসমায়েলিয়ার আবু-সুইর থানায় সুলেমান নামের এক বাংলাদেশি দালালসহ ৯ জন রয়েছেন। অভিযোগ রয়েছে, সুলেমান চাকরির প্রলোভন ও নানা মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে শ্রমিকদের মিসরে নিয়ে আসতেন। পরে বিভিন্ন কারখানায় চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে আদায় করতেন।
অভিযোগ অনুযায়ী, কারখানায় কাজে যোগ দেওয়ার কিছুদিন পর সুলেমান সংশ্লিষ্ট ফ্লোর ইনচার্জের সঙ্গে যোগসাজশ করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই শ্রমিকদের চাকরিচ্যুত করাতেন। এরপর অন্য কারখানায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে আবারও ২০০ ডলার করে আদায় করতেন।
সম্প্রতি আরও আটজন চাকরিপ্রত্যাশীকে নিয়ে একটি কারখানায় যাওয়ার পথে সুলেমান স্থানীয় পুলিশের হাতে আটক হন। আটক ব্যক্তিদের কারও কাছেই মিসরে অবস্থানের বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে।
এদিকে, গত সপ্তাহে বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব এলাকায় মাদকবিরোধী অভিযানসহ পৃথক পুলিশি অভিযানে অন্তত ৪২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে ১২ জন বাংলাদেশি আটক হন। আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।
আলেকজান্দ্রিয়ায় বসবাসরত বাংলাদেশি রাসেল জানান, আটক ব্যক্তিদের মধ্যে অনেকে আমিরিয়া ও নাসরিয়া থানায় রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কোন থানায় কতজন আটক রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্রে আটকের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসায় প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, আটক বাংলাদেশিদের বিষয়ে পুলিশ সাধারণত কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে না। ফলে আটক ব্যক্তিদের স্বজন কিংবা পরিচিতদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যাচ্ছে।
মিসরে আটক বাংলাদেশিদের একটি অংশের ক্ষেত্রে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রলোভন, ভিসা জটিলতা এবং দালালদের প্রতারণার অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে অনেককে মিসরে নিয়ে আসা হলেও পরবর্তী গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা না করে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার অভিযোগ রয়েছে।
চাকরি কিংবা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে মিসরে আনার পর অনেক বাংলাদেশি কর্মসংস্থান, বৈধ কাগজপত্র ও নিরাপত্তাহীনতার সংকটে পড়ছেন। কেউ কেউ অর্থ হারিয়ে দেশে ফিরতে পারছেন না, আবার কেউ পুলিশের হাতে আটক হয়ে দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
অভিযান ও আটকের সংখ্যা নিয়ে উদ্বেগ
আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া, পোর্ট সাঈদ ও আশার রামাদান শহরে বাংলাদেশিদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত শ্রমিকরা গ্রেপ্তার আতঙ্কে চলাফেরা সীমিত করছেন বলে জানা গেছে।
মিসরে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট প্রদানের ক্ষেত্রে ২০১৫ সাল থেকে কঠোর বিধিনিষেধ রয়েছে। বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণভাবে ওয়ার্ক পারমিট বন্ধ থাকলেও দেশটির বিভিন্ন পোশাক কারখানায় বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রে মিসরের শ্রম আইন ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ সুযোগ মূলত ২০২৩ সালের আগে মিসরে প্রবেশ করা ব্যক্তিদের ক্ষেত্রে সীমিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শ্রম উইং সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিসরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণভাবে ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ রয়েছে। তবে নির্দিষ্ট শর্তে কিছু কারখানায় বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বীমার আওতাভুক্ত কারখানাগুলোকে নির্ধারিত কোটা, মিসরের শ্রম মন্ত্রণালয়ের চাহিদা পূরণ এবং প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হয়।
মিসরে অবৈধভাবে অবস্থান ও কাজ করতে গিয়ে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া এবং অনিয়মিত পথে শ্রমিক আনার অভিযোগে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা।




