প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত
- সচিবালয়-প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর
- ইসিতেও ১১ দল একসঙ্গে বসার সিদ্ধান্ত

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বসে জামায়াত। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায় দলটি। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর এ অবস্থানের কথা জানিয়েছে জামায়াত।
অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপেও ১১ দলীয় ঐক্যকে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার ইসির সঙ্গে জোটের শরীকদের নিয়ে সংলাপে বসার কথাও রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকেও সরকারের সঙ্গে সংলাপ, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব সিদ্ধান্ত নেয় দলটি।
রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা হয় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও।
সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আগামীর সময়কে বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।’
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদও আগামীর সময়কে বলেন, ‘সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করি, শিগগিরই সংলাপে বসতে পারব। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। তবে সেটিও ১১ দলের ব্যানারে।’
কী কী দাবি দাওয়া জানানো হবে, তা চূড়ান্ত করতে শুক্রবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে— জানালেন দলটির এ নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও শুরু থেকেই সম্মিলিত আলোচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে জামায়াতে ইসলামী। দলটির প্রত্যাশা ছিল, ১১ দলীয় ঐক্যসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে একসঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। কিন্তু সংলাপের প্রথম আমন্ত্রণ যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে। দলটির সঙ্গে একক বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করেন প্রধানমন্ত্রী।
এ ঘটনায় ১১ দলীয় ঐক্যের মধ্যে আলোচনা তৈরি হয়। বিশেষ করে জোটের শরিকদের বাদ দিয়ে পৃথকভাবে কোনো দলের সঙ্গে আলোচনা হলে সেটি রাজনৈতিক ঐক্যের প্রশ্নে কী বার্তা দেবে, তা নিয়ে আপত্তি ছিল জামায়াতের একটি অংশের। এর পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জরুরি বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সেখানে সংলাপের ধরন, আমন্ত্রণের প্রক্রিয়া এবং জোটের সম্মিলিত অবস্থান নিয়ে আলোচনা হয়।
জামায়াতের প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আদলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে নিয়ে সম্মিলিত সংলাপের আয়োজন করা হবে। দলটির নেতারা মনে করেন, জাতীয় ঐক্যের প্রশ্নে পৃথক বৈঠকের চেয়ে সব পক্ষকে নিয়ে এক টেবিলে বসে আলোচনা করাই বেশি কার্যকর।
তবে জামায়াতের বর্তমান অবস্থান, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসা। শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ নয়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গেও একই অবস্থান বজায় রাখতে চায় দলটি।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে এরই মধ্যে ১১ দলের সম্মিলিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুক্রবার লিয়াজোঁ কমিটির বৈঠকে দাবিদাওয়া চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশনের কাছে সেগুলো তুলে ধরবে জোটটি।





