কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

জাহাঙ্গীর মোল্লা
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির দলীয় মনোনয়ন লড়াই। এই দৌড়ে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার নাম সামনে আসতেই দলটির ভেতরে-বাইরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও মেরুকরণ। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপির প্রত্যক্ষ তৎপরতায় জাহাঙ্গীর মোল্লাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তার অতীত রাজনৈতিক নিষ্ক্রিয়তা, বিগত সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্য এবং নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
সাংগঠনিক ব্যর্থতা ও রাজপথে নিষ্ক্রিয়তার অভিযোগ
স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্যমতে, জাহাঙ্গীর মোল্লার অতীত সাংগঠনিক রেকর্ড মোটেও সুখকর নয়। একসময় করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে থাকলেও অদক্ষতা, চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর থেকে করিমগঞ্জ-তাড়াইলের মাঠের রাজনীতি থেকে তিনি কার্যত বিচ্ছিন্ন ছিলেন। অভিযোগ রয়েছে, বিগত ১৫ বছর এবং বিশেষ করে ৫ আগস্টের আগের সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না।
আওয়ামী বলয় ও বিতর্কিতদের সঙ্গে সখ্য
রাজপথে নিষ্ক্রিয় থাকলেও বিগত সরকারের আমলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে জাহাঙ্গীর মোল্লা ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, আলোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ইফতারে অংশ নেওয়ার একটি ছবি স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এ ছাড়া বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টিও নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছে। সম্প্রতি দুজনের একসঙ্গে থাকা ছবি প্রকাশ্যে আসার পর তৃণমূল পর্যায়ে অস্বস্তি আরও বেড়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, আখতারুজ্জামান রঞ্জনের মালিকানাধীন ‘গচিহাটা ফিসারিজ’-এর দায়িত্ব পালনের পাশাপাশি সেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিতেন জাহাঙ্গীর মোল্লা। অন্যদিকে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর মামলা ও জামিন-বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের সঙ্গেও তার নাম জড়িয়ে জেলা জুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
দলীয় প্রার্থীর বিরোধিতা ও অতীতের নাটকীয়তা
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময়ের ঘটনাপ্রবাহও নতুন করে সামনে এনেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। সে সময় মনোনয়নপ্রত্যাশী হয়েও নানা বিতর্কের মুখে ছিটকে পড়েছিলেন জাহাঙ্গীর মোল্লা। পরে জনমতের চাপে ড. ওসমান ফারুক দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হন। সমালোচকদের দাবি, ওই নির্বাচনের সময় জাহাঙ্গীর মোল্লাকে ব্যবহার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. ওসমান ফারুকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়েছিল, যা সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।
তৃণমূলের শঙ্কা ও জেলা রাজনীতির সমীকরণ
তৃণমূলের নেতাকর্মীদের আশঙ্কা, অতীতের এতসব বিতর্ক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সত্ত্বেও জাহাঙ্গীর মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে উপনির্বাচনে বিএনপির ভাবমূর্তি ও ভোটের সমীকরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে জেলা রাজনীতিতে প্রতিমন্ত্রী শরিফুল আলমের একক প্রভাব বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করেও দলের ভেতরে পাল্টা অবস্থান ও অসন্তোষ দানা বাঁধছে। সব মিলিয়ে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে মনোনয়ন ও আধিপত্যের লড়াই এখন জেলা রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।



