গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

সাম্প্রতিক সহিংসতার আগুনে পুড়ে যাওয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা। ফাইল ছবি
সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং (এমএফএস) সেবা বন্ধ হয়ে গেছে বলে যে খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়; খোঁজ নিয়ে এর আংশিক সত্যতা পাওয়া গেছে।
মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ জানিয়েছে, সন্দেহজনক লেনদেনের কারণে বাংলাদেশ ব্যংকের নির্দেশনায় কিছু অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে। তবে ঢালাওভাবে গোপালগঞ্জে অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই বছর আগে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার জেলা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিতে গেলে ব্যাপক সহিংসতা হয়।
গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন ও অস্থিরতায় মদদ দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এরই মধ্যে জব্দ করেছে। এ ৯৭ জনের মধ্যে ৩২ জন কোটালীপাড়া উপজেলার, ১৯ জন কাশিয়ানীর, ১৭ জন গোপালগঞ্জ সদরের, ১৫ জন টুঙ্গিপাড়ার, ১৪ জন মুকসুদপুরের।
সরকারের এই পদক্ষেপের পর গোপালগঞ্জবাসী অনেকে বিকাশ, নগদ ও রকেটে লেনদেন করতে পারছেন না বলে অভিযোগ করছেন। তারা বলছেন, টাকা তোলা কিংবা পাঠানো যাচ্ছে না।
এতে গোপালগঞ্জের মানুষ ভোগান্তিতে পড়ার কথা সোশ্যাল মিডিয়ায় লিখছেন। লেনদেন করতে না পেরে কোনো কোনো দোকানপাটও বন্ধ রাখতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।
জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ সকালে একজন জানালেন, গোপালগঞ্জে নাকি অনেকের মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ইত্যাদি) কাজ করছে না! তথ্যটি আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। এও কি সম্ভব! আপনারা কি জানেন কেউ কিছু?’
খবর নিয়ে জানা যায়, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এনবিআর ৯৭টি হিসাব বন্ধ করেছে। তবে এই ৯৭টি হিসাবের বাইরেও আরও সহস্রাধিক হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে। ফলে জেলাটিতে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও গোপালগঞ্জে এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ টাকার সংকট তৈরি হয়েছে। গ্রাহকরা টাকা তুলতে ও জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল, তাদের ভোগান্তি বেড়েছে।
ফেসবুকে ছড়িয়েছে যে গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা হিসাব বন্ধ রাখা হয়েছে, তা ঠিক নয় বলে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে বিকাশের মুখপাত্র শামসুদ্দিন হায়দার ডালিম আগামীর সময়কে বলেন, ‘গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব বন্ধ করে দেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই।’
সেক্ষেত্রে সমস্যাটি কেন হচ্ছে— জানতে চাইলে তিনি বলেন, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়মিত প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এটি বিকাশের নিয়মিত কার্যক্রম।
‘এটা গোপালগঞ্জ বলে কোনো বিষয় নেই। আমাদের ডিজিটাল লেনদেনের সবকিছুর রেকর্ড থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটা যেকোনো হিসাব হতে পারে, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়,’ বলেন ডালিম।




