গোপালগঞ্জ সহিংসতায় জব্দ ১০১ ব্যাংক হিসাব
- ব্যাংকে ব্যাংকে এনবিআরের নির্দেশনা জারি
- তালিকায় টুঙ্গিপাড়ার ৩২, কাশিয়ানীর ১৯ জন

ফাইল ছবি
গোপালগঞ্জে সহিংস আন্দোলনে অর্থায়ন ও অস্থিরতায় মদদ দেওয়ার অভিযোগে ৯৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার। নথিপত্র সংগ্রহে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের আর্থিক লেনদেনের তথ্য ও প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। এসব লেনদেনের বিষয়ে চলছে অধিকতর তদন্ত। এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক ও এনবিআরের একাধিক কর্মকর্তা।
জব্দ তালিকায় সাবেক আমলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধি রয়েছেন বলে জানিয়েছেন এনবিআরের কর্মকর্তারা।
রাজস্ব বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা এসব ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তালিকায় গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের ৯৭ ব্যক্তি করদাতা এবং আবাসন ও পরিবহন খাতসহ চারটি কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তালিকাভুক্ত ব্যক্তিদেরও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আগামীর সময়কে বললেন, ‘এ পর্যন্ত যাদের ব্যাংক হিসাবের লেনদেনে অনিয়ম পাওয়া গেছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন। এই সংখ্যা আরও বাড়বে। খুব দ্রুত আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হবে।’
ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান এবং তার স্ত্রী আশরাফুন নাহার। রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)। তালিকায় আরও রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম সিকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের আওয়ামীপন্থী চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেনের নাম রয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ৯৭ ব্যক্তি করদাতার মধ্যে ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলায় ১৯, গোপালগঞ্জ সদরে ১৭, টুঙ্গিপাড়ায় ১৫ এবং মুকসুদপুরে ১৪ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের আওতায় এসেছে।
চার প্রতিষ্ঠান করদাতার মধ্যে একটি আবাসন খাতের এবং আরেকটি পরিবহন খাতের প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাবের লেনদেন বিশ্লেষণের মাধ্যমে আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা।
এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শীর্ষ ব্যবসায়ীসহ ২০৪ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর।



