যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

এসআই আকতার হোসেন ও যুবলীগ নেতা জসীম সরকার
কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জসীম সরকারকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় মেঘনা থানার এসআই আকতার হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
থানা সূত্র জানিয়েছে, গত সোমবার রাতে যুবলীগ নেতা জসীমকে আটক করেন এসআই আকতার হোসেন। এ সময় জসীম নিজেকে যুবদলের কর্মী পরিচয় দিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে ফোন করেন। তবে জসীমের ফোনে কথা না বলে অভিযুক্ত এসআই আকতার নিজের ফোন থেকে আতাউর রহমানের সঙ্গে কথা বলেন।
অভিযোগের বিষয়ে এসআই আকতার হোসেন বলেন, ‘জসীম আমাকে যুবদলের পরিচয় দিয়ে একটি কমিটির কাগজ মোবাইলে দেখায়। এরপর আমি তাকে আর কিছুই বলিনি। আমি তাকে গ্রেপ্তারই করিনি, তাহলে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে কীভাবে।’
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূঁইয়া তদবিরের বিষয়টি অস্বীকার করে জানান, ‘জসীম যুবদলের কর্মী। মানিকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেনের সঙ্গে থেকে সে নির্বাচনে কাজ করেছে, এটা সত্য। তবে যুবলীগের কমিটিতে তার নাম থাকার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’



