কে এই অ্যালিস হুয়াং, এনভিডিয়ার প্রধানের সঙ্গে কেন জড়াচ্ছে নাম?

২০২৪ সালের ৭ জুন প্রকাশিত একটি ছবিতে তাইপেইতে জেনসেন হুয়াংকে অ্যালিস হুয়াং এর সঙ্গে দেখা যাচ্ছে— রয়টার্স
চীনের অর্থ খাতের পরিচিত মুখ অ্যালিস হুয়াং একসময় দেশটির আর্থিক খাতে নিজের কর্মজীবন গড়ে তুলেছিলেন। পরে তিনি সম্পূর্ণ ভিন্ন এক অঙ্গনে আলোচনায় আসেন। সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা।
হুয়াং লে নামেও পরিচিত এই চীনা ব্যবসায়ী সাংহাইয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। পরে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন তিনি। রয়টার্সের পর্যালোচনা করা ৩০টির বেশি প্রকাশ্য আর্থিক নথি, করপোরেট নিবন্ধনসংক্রান্ত দলিল ও কোম্পানির তথ্য থেকে এসব জানা গেছে।
এনভিডিয়া তাদের আনুষ্ঠানিক ক্লাউড পার্টনারদের তালিকায় মেগাস্পিডের নাম রেখেছে। ২০২৫ সালের অক্টোবরে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা গ্রাহকদের পেতে সহায়তা করছে কি না, তা নিয়ে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
এরপর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনার কেন্দ্রে চলে আসেন অ্যালিস হুয়াং। তবে তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মার্কিন কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছেছে। এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তিনি বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে গোয়েন্দা তৎপরতার এই অভিযোগ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। চীনও অভিযোগটি অস্বীকার করেছে। মন্তব্য জানতে অ্যালিস হুয়াংয়ের অবস্থান শনাক্ত করতে পারেনি রয়টার্স।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তাদের প্রধান নির্বাহী বিদেশি গোয়েন্দা সংস্থার কোনো অভিযানের লক্ষ্য হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু হয়েছে। তবে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য কিংবা কোম্পানির বাণিজ্যিক গোপনীয়তা ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, এফবিআইও বিষয়টি তদন্ত করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অ্যালিস হুয়াংয়ের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে জেনসেন হুয়াং রবিবার স্বীকার করেছেন, তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
সাংহাইয়ের অর্থ খাত থেকে এনভিডিয়ার চিপ ব্যবসায়
চীনের আর্থিক বিষয়ক সংবাদমাধ্যম কাইশিনের এক প্রতিবেদনে অ্যালিস হুয়াংয়ের বয়স প্রায় ৪২ বছর বলে উল্লেখ করা হয়েছে। চীনের তহবিলশিল্প-সংক্রান্ত নথি এবং বেসরকারি তহবিলের তথ্যভান্ডার সিমুওয়াংয়ে থাকা তার প্রোফাইল অনুযায়ী, তিনি আগে ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থাপনায় কাজ করেছেন। সেখানে তার টেলিভিশন সাংবাদিকতায় কাজ করার পূর্ব অভিজ্ঞতার কথাও উল্লেখ রয়েছে।
মেগাস্পিডের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি সাংহাইয়ের বিনিয়োগ প্রতিষ্ঠান সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।
২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে হেক্সির আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া কয়েকটি পোস্টে তাকে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক এবং বিনিয়োগ সিদ্ধান্ত কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এসব পোস্টে বলা হয়, এর আগে তিনি হংকংয়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগ এবং সিআইটিআইসি সিকিউরিটিজে কাজ করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও এইচএসবিসি ও সিআইটিআইসি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
রয়টার্সের পর্যালোচনা করা হেক্সির একটি ভিজিটিং কার্ডে অ্যালিস হুয়াংকে প্রতিষ্ঠানের অংশীদার ও মহাব্যবস্থাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে সাংহাইয়ের লুজিয়াজুই আর্থিক জেলায় তার কার্যালয়ের ঠিকানা দেওয়া ছিল। ওই কার্ডে উল্লেখ করা অরোরা প্লাজা ভবনে গিয়ে রয়টার্স দেখতে পায়, সেখানে ব্যাপক সংস্কারকাজ চলছে। হেক্সির কোনো সাইনবোর্ড বা কর্মী চোখে পড়েনি। কার্ডে দেওয়া নম্বরে ফোন করেও সাড়া পাওয়া যায়নি। ইমেইল ঠিকানাটিতেও বার্তা পাঠানো সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সি৪এডিএসের পর্যালোচনা করা করপোরেট নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চে মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন অ্যালিস হুয়াং। ২০১৫ সালে সিঙ্গাপুরে ৭রোড ইন্টারন্যাশনাল নামে নিবন্ধিত প্রতিষ্ঠানটির বর্তমান নাম মেগাস্পিড। এটি ক্লাউড কম্পিউটিং সেবা দেয়। নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ব্যবসায়িক অংশীদার বলে পরিচয় দিয়েছে।
সি৪এডিএস জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হুয়াং। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও মেগাস্পিড কোনো সাড়া দেয়নি।
২০২৪ সালের কমপিউটেক্স প্রযুক্তি প্রদর্শনীর সময় তাইওয়ানের সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট আয়োজিত একটি অনুষ্ঠানে অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াং দুজনই উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া একজন ব্যক্তি। লিংকডইনে প্রকাশিত একটি ছবিতে তাদের পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।
এনভিডিয়ার চিপ ব্যবহার করে এআই সার্ভার তৈরি করে গিগাবাইট। মন্তব্য জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি।
ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্ত
ওয়াশিংটনের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা কোম্পানিগুলোকে দিতে মেগাস্পিড সহায়তা করেছে কি না, সেই সন্দেহে প্রতিষ্ঠানটির ওপর নজরদারি করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটি নিয়ম ভঙ্গ করেছে, এমন কোনো সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে আসেনি।
রয়টার্সের পর্যালোচনা করা বাণিজ্যিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইমপোর্টজিনিয়াসের জাহাজ চলাচলসংক্রান্ত নথিতে দেখা গেছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠান এনভিডিয়ার বিভিন্ন হার্ডওয়্যার আমদানি করেছে। এর মধ্যে রয়েছে এইচ১০০ প্রসেসর ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ। এসব পণ্য গিগাবাইটের সহযোগী প্রতিষ্ঠান গিগা কম্পিউটিংসহ বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে পাঠানো হয়েছে।
এইচ১০০ এনভিডিয়ার উন্নত প্রসেসরগুলোর একটি। চীনে রপ্তানির ক্ষেত্রে এটির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইন্দোনেশিয়ায় এসব পণ্য পাঠানোর ঘটনা একাই যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণবিধি লঙ্ঘনের প্রমাণ নয়।
সি৪এডিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিকে মেগাস্পিডের শেয়ার সিঙ্গাপুরভিত্তিক সুইফটডেটার কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির ১ কোটি সাধারণ শেয়ারের সব কটিই সুইফটডেটার মালিকানায় রয়েছে। এ বিষয়ে জানতে রয়টার্স তাৎক্ষণিকভাবে সুইফটডেটার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
সি৪এডিএস জানিয়েছে, সুইফটডেটার চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে, তা তারা শনাক্ত করতে পারেনি। তবে শেয়ার হস্তান্তরের পরও মেগাস্পিডের ওপর অ্যালিস হুয়াংয়ের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে তাদের মূল্যায়ন। এর পক্ষে তারা এমন কিছু অনুষ্ঠানের কথা উল্লেখ করেছে, যেখানে হুয়াংকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
প্রশ্নের উত্তর খুঁজছেন মার্কিন আইনপ্রণেতারা
অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহীর কাছে ব্যাখ্যা চেয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের অংশীদার জর্জ চেন বলেন, এ ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অ্যালিস হুয়াংয়ের কথিত গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জেনসেন হুয়াং কিছু জানতেন কি না এবং কোনো স্পর্শকাতর তথ্য ফাঁস হয়েছে কি না, সেগুলো জানতে চাইছেন আইনপ্রণেতারা।
চেন বললেন, ‘অনেক দিক থেকেই জেনসেনকেও সম্ভাব্য ভুক্তভোগী হিসেবে দেখা যেতে পারে। যদি ওই নারীর প্রকৃত পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে না জেনেই তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা বা প্রভাবিত করা হয়ে থাকে।’
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া জানিয়েছে, তাদের প্রধান নির্বাহী প্রতিবছর হাজার হাজার গ্রাহক প্রতিষ্ঠানের নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। এশিয়ায় তাদের ক্লাউড সেবার গ্রাহকেরা সাধারণ ব্যবসায়িক তথ্য পান, কোনো বাণিজ্যিক গোপনীয়তা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য নয়।
ট্রাম্প সোমবার বলেছেন, জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগে তিনি ‘বিস্মিত’ হয়েছেন। সিলিকন ভ্যালিতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন জেনসেন হুয়াং। ট্রাম্প জানান, তিনি এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন। জেনসেন তাকে বলেছেন, ওই নারী যে গুপ্তচর ছিলেন, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।







