চীনা নারীর সঙ্গে সম্পর্কের জেরে সিইওর বিরুদ্ধে তদন্তে এনভিডিয়া

জেনসেন হুয়াং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল রবিবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।
এনভিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত কোম্পানির কোনো গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করেন না। তদন্ত চলাকালেও ৬৩ বছর বয়সী হুয়াং প্রতিষ্ঠানটির সিইওর দায়িত্বে থাকবেন।
কোম্পানির কর্মীদের পাঠানো এক বার্তায় সিইও জেনসেন হুয়াং নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অন্যান্য করেছি। আমার কর্মকাণ্ডে সে ও আমাদের সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো ক্ষমা নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।’
এনভিডিয়ার পর্ষদ জানিয়েছে, সব ধরনের তথ্য যাচাই করে দেখা হবে। হুয়াং তদন্তের বিষয়ে সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন সহযোগিতার বিষয়েও।
গত মাসে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে, জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয় নামে চিপ ক্রেতা এক চীনা নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই নারী সরাসরি বেইজিংয়ে তথ্য পাঠাতেন।
জেনসেন ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অ্যালিস হুয়াং আগে চীনের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক ছিলেন। পরে তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হন। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক।
টাইমসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মেগাস্পিড ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের এনভিডিয়ার চিপ কিনেছে।
এ ঘটনার বিষয়ে গতকাল রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সাম্প্রতিক ঘটনা নিয়ে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কথা হয়নি। তবে হুয়াংয়ের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, তিনি অসাধারণ কাজ করেছেন।
গোয়েন্দা তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল কি না এমন প্রশ্নেও হুয়াংয়ের পক্ষেই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষ্য, হুয়াং একজন সম্মানিত ব্যক্তি। হয়তো তার আলোচিত ঘটনাটির কোনো ব্যাখ্যা রয়েছে।
হুয়াং প্রেসিডেন্ট ট্রাম্পের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য। আগামী সপ্তাহে এশিয়া সফরে হুয়াংকে সঙ্গে নেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে আগ্রহী। সফরে তিনি অবশ্যই থাকবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। প্যারিসে জি-৭ বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় তিনি সাংবাদিকদের জানান, এনভিডিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
সূত্র : এনডিটিভি




