চীনা কোম্পানিতে এনভিডিয়ার চিপ

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ কেনার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দেশটির সরকার। এ তালিকায় বাইটড্যান্স ও আলিবাবার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছে দি ইনফরমেশন।
প্রতিবেদন অনুযায়ী, চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার ‘আরটিএক্স প্রো ৫৫০০’ চিপ কেনার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। একই সঙ্গে এসব চিপ আমদানির অনুমতি দেওয়ার সম্ভাবনার কথাও প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে।
শিল্প খাতের কয়েকজন নির্বাহীর ধারণা, আরটিএক্স প্রো ৫৫০০ চিপটি বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকতে পারে। তবে চীনে এসব চিপ আমদানির ক্ষেত্রে দেশটির নিজস্ব নিয়ন্ত্রণও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আলিবাবা ও বাইটড্যান্স। এনভিডিয়ার এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো এখনো পুরনো মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ এবং চীনের নিজস্ব আমদানি-সংক্রান্ত বিধিনিষেধের কারণে নানা বাধার মুখে রয়েছে।



