বাব আল-মান্দেবে জাহাজে দুই দফা হামলা হুতিদের, নিহত অন্তত ৬

সংগৃহীত ছবি
বাব আল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে পরপর দুই দফা হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৬ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের।
মিসরের মালিকানাধীন ‘তিহামাহ’ জাহাজে মঙ্গলবার হামলাটি চালানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো হামলায় জাহাজে হতাহতের এটিই প্রথম ঘটনা।
ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হুতিরা বাণিজ্যিক জাহাজটিতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি’ হয়। হামলায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন।
ইয়েমেনের কোস্টগার্ড পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিহত ও আহতদের সরিয়ে নেওয়ার সময় হুতিরা জাহাজটিতে আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
কোস্টগার্ড বলেছে, ‘হামলাটি উদ্ধার অভিযান পরিচালনার স্থানেই আঘাত হানে। এতে উদ্ধারকাজে অংশ নেওয়া বাহিনীর সদস্যদের মধ্যে কয়েকজন হতাহত হন।’
দ্বিতীয় হামলায় অন্তত দুই সেনা নিহত হয়েছেন।
কোস্টগার্ড আরও জানিয়েছে, সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহাজটির সাতজন নাবিক রয়েছেন।
বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ চলাচল করে।





