ইরাকের বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪

ইরাকের বসরা শহরের উত্তরে হারথা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে জড়ো হয়েছেন দমকলকর্মী ও বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা। ছবি / রয়টার্স
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। বসরা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইরাকি সংবাদ সংস্থা আইএনএ শনিবার জানিয়েছে, হারথা বিদ্যুৎকেন্দ্র এবং আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে।
আগুনের কারণে ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়িও দেখা যায়। এ সময় জরুরি উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকেও তালেবানি ছায়া
২১ নভেম্বর ২০২৬
ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই বিনিয়োগের অভাব, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না হওয়া এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থতার সমস্যায় ভুগছে। বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
এর আগেও দেশটির বিদ্যুৎ উপকেন্দ্র ও বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
সূত্র : আলজাজিরা




